শীত মৌসুমে বায়ুদূষণের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশে ধোঁয়াশার প্রকোপও বেড়ে যায়। দূষিত বাতাসে দীর্ঘ সময় অবস্থান করলে শ্বাসতন্ত্রে জ্বালাপোড়া, কাশি ও শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং আগে থেকেই শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিরা এ সময় বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন।
তবে কিছু নিয়ম মেনে চললে দূষিত বাতাসের ক্ষতিকর প্রভাব অনেকটাই কমানো সম্ভব। ধোঁয়াশার মৌসুমে ফুসফুস সুস্থ রাখতে প্রতিদিনের জীবনে যে সাতটি সতর্কতা অনুসরণ করা জরুরি, সেগুলো হলো—
১. বাইরে বের হলে মানসম্মত মাস্ক ব্যবহার করুন
বাইরে যাওয়ার সময় মুখ ও নাক ভালোভাবে ঢেকে রাখে এমন এন৯৫ বা কেএন৯৫ মাস্ক পরুন। এসব মাস্ক বাতাসে থাকা অতি সূক্ষ্ম দূষিত কণা, বিশেষ করে পিএম২.৫, আটকে রাখতে কার্যকর। এসব ক্ষুদ্র কণা শ্বাসের সঙ্গে ফুসফুসের গভীরে প্রবেশ করে বিভিন্ন স্বাস্থ্যসমস্যা তৈরি করতে পারে।
২. অপ্রয়োজনে বাইরে অবস্থান করবেন না
বায়ুদূষণ বেশি থাকলে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া থেকে বিরত থাকুন। এ সময় খোলা জায়গায় ব্যায়াম কিংবা অতিরিক্ত শারীরিক পরিশ্রমও এড়িয়ে চলা ভালো। কারণ, পরিশ্রমের সময় শ্বাস-প্রশ্বাস দ্রুত হয় এবং শরীরে বেশি পরিমাণ দূষিত বাতাস প্রবেশের আশঙ্কা থাকে।
৩. ঘরের দরজা-জানালা বন্ধ রাখুন
ধোঁয়াশার ঘনত্ব বেড়ে গেলে বাইরের দূষিত বাতাস ঘরে প্রবেশ ঠেকাতে দরজা-জানালা বন্ধ রাখুন। বিশেষ করে দিনের যে সময়গুলোতে বায়ুদূষণের মাত্রা বেশি থাকে, তখন জানালা খোলা রাখা এড়িয়ে চলুন। এতে ঘরের ভেতরে দূষিত কণার প্রবেশ কমানো সম্ভব।
৪. ঘরের বাতাস পরিষ্কার রাখতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন
ঘরের বায়ুমান উন্নত করতে হেপা (HEPA) ফিল্টারযুক্ত এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে পারেন। এটি বাতাসে থাকা সূক্ষ্ম দূষিত কণা দূর করতে সহায়তা করে। তবে ঘরের আয়তন অনুযায়ী উপযুক্ত যন্ত্র নির্বাচন করতে হবে। পাশাপাশি কার্যকারিতা বজায় রাখতে নিয়মিত ফিল্টার পরিষ্কার ও প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা জরুরি।
৫. ঘরের ভেতরে ধোঁয়া তৈরি হয় এমন কাজ বন্ধ রাখুন
ঘরের পরিবেশ দূষণমুক্ত রাখতে ভেতরে ধূমপান করা থেকে বিরত থাকুন। পাশাপাশি কাঠ, কয়লা, ধূপ কিংবা অন্য কোনো উপাদান পুড়িয়ে অপ্রয়োজনীয় ধোঁয়া তৈরি করবেন না। রান্নার সময়ও ধোঁয়া ও বাষ্প ঘরের বাতাসের মান কমিয়ে দিতে পারে। তাই রান্নাঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখুন এবং সম্ভব হলে এক্সহস্ট ফ্যান ব্যবহার করুন।
৬. নিয়মিত বায়ুমানের সূচক পরীক্ষা করুন
বাইরে যাওয়ার আগে এলাকার বায়ুমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) দেখে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন। দূষণের মাত্রা অস্বাস্থ্যকর পর্যায়ে থাকলে বাইরে থাকার সময় কমিয়ে দিন। এ সময় খোলা জায়গায় ব্যায়াম না করে ঘরের ভেতরে শারীরিক কার্যক্রম চালিয়ে যেতে পারেন।
৭. শ্বাসতন্ত্রের সমস্যার লক্ষণ অবহেলা করবেন না
ধোঁয়াশার কারণে শরীরে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে কি না, সেদিকে নজর রাখুন। বিশেষ করে একটানা কাশি, শ্বাস নেওয়ার সময় সাঁই সাঁই শব্দ, বুকে চাপ কিংবা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দিলে সতর্ক হোন। এসব সমস্যা দেখা দিলে বা আগে থেকে থাকা উপসর্গ বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিন। হাঁপানি কিংবা শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি সমস্যা থাকলে বাড়তি সতর্কতা প্রয়োজন।
ফুসফুসের সুরক্ষায় সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধোঁয়াশার মৌসুমে দূষিত বাতাসের সংস্পর্শ যতটা সম্ভব কমানো, ঘরের পরিবেশ পরিষ্কার রাখা এবং শ্বাসতন্ত্রের সমস্যার লক্ষণগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করাই সুস্থ থাকার অন্যতম উপায়।



