tanaka
প্রচ্ছদজাতীয়সরকারের জনকল্যাণমূলক বহু নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত: মাহদী আমিন

সরকারের জনকল্যাণমূলক বহু নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত: মাহদী আমিন

স্বনির্ভর ও মেধানির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির কয়েক দশকের বহুমুখী কর্মকাণ্ড থেকে অনুপ্রেরণা নিয়েই সরকারের জনকল্যাণমূলক অনেক নীতিমালা প্রণীত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্বের প্রদর্শনী ও প্রকল্প মূল্যায়ন উপলক্ষে এ আয়োজন করা হয়।

মাহদী আমিন বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নারী ও যুবসমাজের ক্ষমতায়নে জিয়াউর রহমান ফাউন্ডেশন নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে। করোনা মহামারির সময় প্রতিষ্ঠানটি ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করেছিল। ওই উদ্যোগের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে সরকার গঠনের পর শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮ হাজার শিক্ষার্থীকে নিয়ে জাতীয় বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফাউন্ডেশনের চলমান আয়োজন থেকেও সরকার ভবিষ্যতে অনুপ্রেরণা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ধরনের উদ্যোগ আরও বড় পরিসরে সরকারি ব্যবস্থাপনায় আয়োজনের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

তরুণ জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক মনন এবং সৃজনশীল চিন্তাকে দেশের ভবিষ্যৎ অগ্রগতির অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন মাহদী আমিন। তিনি বলেন, দেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা তরুণ জনশক্তির সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়টি বিবেচনায় রেখেই নির্বাচিত সরকার বিভিন্ন নীতিমালা তৈরি করছে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এটি একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রেসিডেন্ট এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন। ফ্যাসিবাদের দীর্ঘ রক্তক্ষয়ী সময়ে নানা প্রতিকূলতা ও চাপ উপেক্ষা করেও প্রতিষ্ঠানটি মানুষের কল্যাণে কাজ চালিয়ে গেছে।

অনুষ্ঠানে অংশ নেওয়া বিজ্ঞানী, শিক্ষক ও শিক্ষার্থীদের দেশের সবচেয়ে বড় গৌরব বলে অভিহিত করেন মাহদী আমিন। তাঁর ভাষ্য, বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিতে বাংলাদেশিরা নিজেদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দিচ্ছেন। দেশের অভ্যন্তরেও এই মেধার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে চায় সরকার।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের তৈরি সম্ভাবনাময় প্রকল্পগুলোকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, এসব প্রকল্পের মধ্য থেকেই ভবিষ্যতে নতুন পেটেন্ট তৈরি হতে পারে, উদ্ভাবনী ধারণা বাণিজ্যিকভাবে বাস্তবায়নের সুযোগ পেতে পারে এবং দৈনন্দিন জীবনের নানা সমস্যার কার্যকর সমাধান বেরিয়ে আসতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও মেশিন লার্নিংয়ের দ্রুত বিকাশের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, এসব প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র উন্মুক্ত হবে।

শিক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব স্তরে পরিবর্তনের কাজ চলছে। এ সংস্কারের দুটি প্রধান উদ্দেশ্য রয়েছে। প্রথমত, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও সামাজিক শিক্ষায় সমৃদ্ধ করে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। দ্বিতীয়ত, এমন দক্ষতা তৈরি করা, যাতে তারা দেশের পাশাপাশি আন্তর্জাতিক কর্মবাজারেও নেতৃত্ব দিতে পারে কিংবা সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

গণতন্ত্র রক্ষা ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা প্রসঙ্গে মাহদী আমিন বলেন, গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান, গণতন্ত্রের সুরক্ষা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। তাঁর মতে, গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতা রক্ষায় শিক্ষার্থী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ওই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং চট্টগ্রামের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করে মাহদী আমিন বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে শহীদ জিয়ার রাষ্ট্রনায়ক হয়ে ওঠার যাত্রা চট্টগ্রাম থেকেই শুরু হয়েছিল। পরবর্তী সময়ে এই চট্টগ্রামেই তিনি শাহাদাত বরণ করেন।

তিনি আরও বলেন, তৈরি পোশাকশিল্প ও বিদেশে জনশক্তি রপ্তানির সূচনা, বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি, নারী ও যুব উন্নয়নে পৃথক মন্ত্রণালয় গঠন, কোস্টগার্ড এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠা ছিল শহীদ জিয়াউর রহমানের দূরদর্শী উদ্যোগের অংশ। সার্ক প্রতিষ্ঠার পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে বাংলাদেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে তুলে ধরেছিলেন তিনি। ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর ধারণার মাধ্যমে পাহাড় ও সমতলের সব মানুষকে ঐক্যবদ্ধ করার উদ্যোগও নিয়েছিলেন। মাহদী আমিন বলেন, শহীদ জিয়ার সেই আদর্শ ও দর্শনের ধারাবাহিকতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বিজ্ঞান মেলা-২০২৬-এর আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমন, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী উমাশাহ উমায়ুন মনি চৌধুরী, সদস্য সচিব ডা. এস এম সারোয়ার আলমসহ অন্যরা।