tanaka
প্রচ্ছদসারাদেশগাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর ও মনিপুর এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন দাবিতে কারখানা থেকে বেরিয়ে কয়েক হাজার শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ প্রথমে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে এ সময় উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি সংঘাতের দিকে গড়ায়।

পরে শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পালটাধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এরপর শ্রমিকেরা বাঘের বাজার এলাকা ছেড়ে হোতাপাড়া হয়ে মনিপুরের দিকে অগ্রসর হন। এ সময় মহাসড়কের আশপাশের কয়েকটি স্থাপনা এবং মনিপুর এলাকার একাধিক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবারও টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছিলেন।

ঘটনার বিষয়ে জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার কর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়। কিন্তু শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।