ছোটপর্দার পরিচিত মুখ সাবিলা নূর এখন বড়পর্দায়ও নিয়মিত কাজ করছেন। শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেকের পর নির্মাতাদের নজরে আসেন তিনি। সম্প্রতি নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’-এ যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। ছবির গল্প ভালো লাগায় কাজটি করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
নতুন এই সিনেমায় আবারও অভিনেতা শরীফুল রাজের সঙ্গে পর্দা ভাগ করবেন সাবিলা। এর আগে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। বর্তমানে নতুন ছবিটির প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।
এদিকে দীর্ঘদিন ধরে সাবিলা নূরের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। বিশেষ করে তার বিবাহবিচ্ছেদের গুঞ্জন এবং নতুন সম্পর্কে জড়ানোর খবর ছড়িয়ে পড়েছে। গত কয়েক মাসে এ নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা তৈরি হলেও এতদিন কোনো মন্তব্য করেননি তিনি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখোমুখি হন সাবিলা। তবে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি। নতুন সম্পর্কের খবর নিয়েও কৌশলে ভিন্ন ইঙ্গিত দিয়েছেন তিনি। অভিনেত্রীর কথায়, তার নতুন ভালোবাসার গল্পে কোনো মানুষের উপস্থিতি নেই।
এ প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘নতুন সম্পর্ক বা নতুন ভালোবাসার যে খবর আসছে, সেটির আজকেই সিক্রেট বের হয়ে গেল। আমার নতুন সম্পর্কটা লিলির সঙ্গে। আমার এই ভালোবাসার লিলি যেন সবসময় আমার সঙ্গে থাকে।’
অভিনেত্রীর এই মন্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, তার কথিত নতুন ভালোবাসার মানুষ নয়, বরং ‘লিলি’ নামের অন্য এক ভালো লাগার বিষয়। তবে বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেননি তিনি।



