বলিউড তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। মেয়ে সারাহার পর দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন কিয়ারা। এরই মধ্যে ঘরোয়া আয়োজনে অভিনেত্রীর সাধভক্ষণ বা ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সেই আয়োজনের একটি বিশেষ কেকের ছবি প্রকাশ্যে আসতেই অনাগত সন্তানের লিঙ্গ নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।
কিছুদিন আগেই মেয়ে সারাহাকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবর জানিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। সম্প্রতি করণ জোহরের শোয়ে অংশ নিয়েও হবু সন্তানকে ‘ঈশ্বরের আশীর্বাদ’ বলে উল্লেখ করেন এই তারকা দম্পতি।
বর্তমানে অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে মাতৃত্বকালীন সময় উপভোগ করছেন কিয়ারা। মেয়ের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি স্বামী সিদ্ধার্থের সঙ্গে ‘বেবিমুন’ পর্বও কাটাচ্ছেন তিনি। অন্তঃসত্ত্বা স্ত্রীর যত্ন নেওয়ার বিষয়েও সচেতন রয়েছেন সিদ্ধার্থ।
সূত্রের খবর, ২০২৭ সালের শুরুতে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে পারেন কিয়ারা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সাধভক্ষণের অনুষ্ঠানে ব্যবহৃত একটি বিশেষ কেকের ছবি প্রকাশ করেন অভিনেত্রী। কেকটি তৈরি করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদও জানান তিনি। তবে ছবিতে কিয়ারা নিজে উপস্থিত না থাকলেও কেকের সাজসজ্জা নিয়েই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা বিশ্লেষণ।
সিদ্ধার্থের সঙ্গে কেক কাটার বিশেষ মুহূর্তের ছবিটি ইতোমধ্যে কিয়ারার বিভিন্ন ফ্যান পেজ ও পাপারাজ্জিদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে ছড়িয়ে পড়েছে। কেকটিতে নীল ও বেগুনি রঙের ফুলের আধিক্য থাকলেও সেগুলোর মধ্যে একটি গোলাপি ফুলও চোখে পড়েছে। আর এই রঙের সমন্বয় থেকেই অনাগত সন্তানের লিঙ্গ নিয়ে দুই ধরনের ধারণা তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।
একদল ভক্তের ধারণা, নীল ফুলের সংখ্যা বেশি হওয়ায় এবার সিদ্ধার্থ-কিয়ারার ঘরে পুত্রসন্তান আসতে পারে। তাদের মতে, নীল রং সাধারণত ছেলেশিশুর প্রতীক হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে কেকের মধ্যে থাকা একটিমাত্র গোলাপি ফুল নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন আরেক দল। তাদের প্রশ্ন, নীল ও বেগুনি ফুলের ভিড়ে গোলাপি ফুলটির উপস্থিতি কি দ্বিতীয়বার কন্যাসন্তান আসার কোনো ইঙ্গিত?
তবে অনেক অনুরাগীই এসব জল্পনার বাইরে গিয়ে মা ও সন্তানের সুস্থতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তাদের মতে, ছেলে কিংবা মেয়ে—যে সন্তানই আসুক, দুজনের সুস্থ থাকাই সবচেয়ে আনন্দের বিষয়।
উল্লেখ্য, ভারতে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ আইনত নিষিদ্ধ। তবে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে এ ধরনের তথ্য জানা বৈধ। সেখানে অনেক দম্পতি আয়োজন করে থাকেন ‘জেন্ডার রিভিল’ অনুষ্ঠানও।
কাজের ক্ষেত্রে কিয়ারাকে সর্বশেষ দক্ষিণী তারকা যশের বিপরীতে ‘টক্সিক’ সিনেমায় দেখা গেছে। এর আগে ‘ওয়ার ২’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। দুটি সিনেমায়ই তার অভিনয় প্রশংসা পেলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি ছবিগুলো। আপাতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী।
অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রাকে সম্প্রতি ‘দ্য ওয়ান’ সিনেমায় দেখা গেছে।



