tanaka
প্রচ্ছদসারাদেশডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় থাকার প্রস্তুতি বিএনপির, নেতাকর্মীদের নির্দেশ তারেক রহমানের

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় থাকার প্রস্তুতি বিএনপির, নেতাকর্মীদের নির্দেশ তারেক রহমানের

আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা, রাজনৈতিক তৎপরতা ও দেশজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা মোকাবিলায় সাংগঠনিক শক্তি নিয়ে রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দলীয় সংসদ-সদস্যদেরও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।

তবে পরিস্থিতি মোকাবিলায় কোনোভাবেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার নীতিগত অবস্থানে রয়েছে দলটি। বরং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিপক্ষের কর্মকাণ্ড মোকাবিলা করতে চায় বিএনপি। ডিসেম্বর মাসে বিজয় দিবস, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বর্ষপূর্তি এবং প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে রাজপথে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে দলটির।

গত ৯ নভেম্বর জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের বৈঠকে সংসদ-সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’ এর আগেও বিভিন্ন বক্তব্যে পলাতক স্বৈরাচারী শক্তির ষড়যন্ত্র নিয়ে সতর্ক করেন তিনি। একই সঙ্গে কোনো মহলের উসকানিতে সাড়া না দিয়ে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এদিকে চব্বিশের গণ-অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। যদিও প্রত্যাবর্তনের নির্দিষ্ট তারিখ কিংবা প্রক্রিয়া সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বিষয়টিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখলেও সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নামে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ উদ্বেগ বাড়িয়েছে।

দেশের তৈরি পোশাক খাতে অস্থিরতা তৈরির পেছনেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন দেওয়া ও সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে দলটির সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা নিয়ে আলোচনা চলছে। এসব পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয়ভাবেও মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

রাজনৈতিক মহলে ধারণা, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করতে পারেন। তবে সরকার এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে। ৯ নভেম্বর সংসদে বিএনপির সংসদীয় দলের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পরবর্তী সময়ে ১৭ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদও জানান, প্রত্যর্পণ চুক্তির নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ ছাড়া তাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ নেই।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের ধারণা, ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম। তবে ভারতে অবস্থান করেই তিনি রাজনৈতিক ষড়যন্ত্র চালিয়ে যেতে পারেন। একই সঙ্গে দেশের ভেতরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। এ কারণে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকবেন। দলটির নেতারা মনে করছেন, কোনো ধরনের নাশকতার চেষ্টা হলে বিএনপির পাশাপাশি সাধারণ মানুষও তা প্রতিহত করবে। ফ্যাসিবাদবিরোধী অন্যান্য রাজনৈতিক দলও এ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখবে বলে তাদের প্রত্যাশা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা সরকারের দায়িত্ব। তিনি জানান, প্রশাসন অভিযান পরিচালনা করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যেকোনো প্রচেষ্টা জনগণ প্রতিহত করবে। কোনো ষড়যন্ত্র বা নাশকতার পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বিএনপির নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে রাজপথে সক্রিয় রয়েছেন।

ডিসেম্বরের কর্মসূচিতে সাংগঠনিক শক্তি প্রদর্শন

দলীয় সূত্রে জানা গেছে, ডিসেম্বরের কর্মসূচিকে কেবল জাতীয় ও দলীয় দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না বিএনপি। বরং এসব আয়োজনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং সাধারণ মানুষের সঙ্গে দলের যোগাযোগ জোরদার করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের সম্ভাব্য তৎপরতা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকেও নজর রাখছেন কেন্দ্রীয় নেতারা।

এ উদ্দেশ্যে গত ১৫ নভেম্বর দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে প্রায় দুই ঘণ্টার ওই বৈঠকে বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে ডিসেম্বর মাসজুড়ে কেন্দ্রীয় দল ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি নিয়ে মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বিএনপিপন্থি পেশাজীবী সংগঠনগুলোকেও নিজস্ব উদ্যোগে কর্মসূচি আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে।

বৈঠক সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ সমাবেশ, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি এবং সাংস্কৃতিক আয়োজন। কেন্দ্রীয় বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও নিজস্ব কর্মসূচি ঘোষণা করবে। এ জন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সহযোগিতা করাও তাদের পরিকল্পনার অংশ।

বিএনপি নেতাদের মতে, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গড়ে ওঠা সাংগঠনিক সক্ষমতা শুধু সরকার পরিচালনায় নয়, রাজনৈতিক মাঠেও কার্যকর রাখা প্রয়োজন। এ জন্য কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তৃণমূলের যোগাযোগ বাড়ানো, সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম সম্প্রসারণ এবং পেশাজীবীদের সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজয় দিবস উপলক্ষ্যে ডিসেম্বরের শুরু থেকেই বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি রয়েছে বিএনপির। প্রাথমিক পরিকল্পনায় চারটি সাংগঠনিক বিভাগে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর ব্যানারে কনসার্ট আয়োজনের বিষয়টি রয়েছে। এসব আয়োজনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে দলের অবস্থান তুলে ধরতে চায় তারা।

পরিকল্পনা অনুযায়ী, ১৬ ডিসেম্বর ঢাকায়, ১৭ ডিসেম্বর চট্টগ্রামে, ১৮ ডিসেম্বর বগুড়ায় এবং ১৯ ডিসেম্বর খুলনায় কনসার্ট আয়োজনের কথা রয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয়ভাবে বিজয় দিবসের অন্যান্য কর্মসূচিও পালন করা হবে। তবে সাম্প্রতিক বৈঠকের পর কর্মসূচির চূড়ান্ত সময় ও ধরন বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।

তারেক রহমানের প্রত্যাবর্তন ও খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ঘিরে আয়োজন

ডিসেম্বরের ২৫ তারিখে তারেক রহমানের দেশে ফেরার এক বছর পূর্ণ হবে। ২০২৫ সালের এই দিনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে লন্ডন থেকে বাংলাদেশে ফেরেন তিনি। পরবর্তী সময়ে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর প্রধানমন্ত্রীর দায়িত্বও নেন তিনি। দিনটিকে ঘিরে বড় পরিসরে নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে দলের রাজনৈতিক অগ্রযাত্রার বিষয়টিও তুলে ধরতে চান বিএনপির নেতারা।

অন্যদিকে, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সমাজের উদ্যোগে স্মরণসভা আয়োজনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বিএনপিও দলীয়ভাবে ব্যাপক পরিসরে স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স যুগান্তরকে বলেন, দলটির নেতাকর্মীরা সবসময় রাজপথে সক্রিয় রয়েছেন। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন, তারা রাজপথে ছিলেন, আছেন এবং থাকবেন। রাজনৈতিক অধিকারের অজুহাতে সন্ত্রাস, অস্ত্রের মহড়া, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা জনজীবনে অশান্তি তৈরির কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, ডিসেম্বর বিজয়ের মাস হওয়ায় পুরো মাসজুড়েই বিভিন্ন কর্মসূচি থাকবে। একই সঙ্গে এই মাসটি বিএনপির জন্য শোকেরও। আপসহীন নেত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যেও নানা আয়োজন করা হবে।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জানান, ডিসেম্বরজুড়ে বিজয় দিবসকেন্দ্রিক কর্মসূচি পালনের প্রস্তুতি চলছে। এ সময় কেউ নাশকতা বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন যুগান্তরকে বলেন, নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি মহানগরের বিভিন্ন এলাকায় দলীয় তৎপরতা অব্যাহত রয়েছে। ডিসেম্বরের কর্মসূচি ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এ সময় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, দলের নেতাকর্মীরা রাজনৈতিক কর্মকাণ্ডে সবসময় সক্রিয় রয়েছেন। যেকোনো পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে তিনি জানান, এ বিষয়ে যুবদলের নেতাকর্মীরা সতর্ক ও প্রস্তুত রয়েছেন। ডিসেম্বরকে সামনে রেখে রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম আরও জোরদার করা হবে।

এদিকে সংসদে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একসময় ‘টুঙ্গিপাড়া লিমিটেড’-এ পরিণত হবে। তবে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ বর্তমান সরকার করবে না। তার ভাষ্য, ১০ জন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা সময় বা ধৈর্যের প্রয়োজন হলেও একজন নিরপরাধ মানুষ যাতে গুলির শিকার না হন, সরকার সেটি নিশ্চিত করতে চায়।