tanaka
প্রচ্ছদরাজনীতিগোপালগঞ্জের সহিংসতা নিয়ে রাষ্ট্রপতির জরুরি হস্তক্ষেপ চায় জামায়াত

গোপালগঞ্জের সহিংসতা নিয়ে রাষ্ট্রপতির জরুরি হস্তক্ষেপ চায় জামায়াত

গোপালগঞ্জে থানা ও বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ দাবি করেছে দলটি। একই সঙ্গে সহিংসতায় জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে তারা।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এসব দাবি জানানো হয়।

পোস্টে দলটির পক্ষ থেকে বলা হয়, গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, ভাঙচুর, পুলিশের ওপর আক্রমণ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা রাষ্ট্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ।

এতে আরও বলা হয়, জেলার বাসিন্দারা বর্তমানে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানের কথা বললেও বাস্তবে তার কোনো দৃশ্যমান প্রতিফলন পাওয়া যাচ্ছে না। সরকারের বক্তব্য ও কার্যক্রমের মধ্যে এমন ব্যবধান জনগণের আস্থাকে আরও সংকটের মধ্যে ফেলছে।

পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করে পোস্টে উল্লেখ করা হয়, বর্তমান উদ্বেগজনক পরিস্থিতিতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাশাপাশি সহিংসতার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।