tanaka
প্রচ্ছদরাজনীতিটুঙ্গিপাড়ায় শুধু বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে আগুন কেন, প্রশ্ন রাশেদের

টুঙ্গিপাড়ায় শুধু বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে আগুন কেন, প্রশ্ন রাশেদের

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ তুলে সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও জামায়াতের স্থাপনায় কেন কোনো হামলা হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে টুঙ্গিপাড়ার পরিস্থিতি নিয়ে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি উল্লেখ করেন, নাশকতার কারণে টুঙ্গিপাড়ায় গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষাসেবা স্বাভাবিকভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। সামনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহও বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়ীরা শপিংমল ও দোকানপাট খোলা রাখতেও ভয় পেতে পারেন বলে মনে করেন তিনি।

এ পরিস্থিতি অব্যাহত থাকলে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের শাসনামলের ১৯৭৪ সালের দুর্ভিক্ষের মতো সংকট তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন রাশেদ। তাঁর মতে, এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হবে। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘ভাত দে হারামজাদা, নইলে তোদের শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারব।’

বিএনপি সরকার হতাহতের রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে দলটি দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছে। সে কারণেই টুঙ্গিপাড়ার বর্তমান পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের আমলের একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, এনসিপির নেতাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এপিসি থেকে উদ্ধার করতে গিয়েও হতাহতের ঘটনা ঘটেছিল। তবে দীর্ঘদিন ধরে প্রাণহানির ঘটনা ঘটিয়ে কোনো স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব নয়।

রাশেদ খাঁনের মতে, টুঙ্গিপাড়ার সংকটের সমাধান স্থানীয় বাসিন্দাদের মধ্য থেকেই বের করতে হবে। সাধারণ মানুষকে দীর্ঘদিন দুর্ভোগের মধ্যে থাকতে হলে তাঁরাই আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন।

তিনি আরও আশঙ্কা করেন, সরকার কঠোর অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। পরবর্তী সময়ে এসব ঘটনাকে কেন্দ্র করে দেশে-বিদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে রাজনৈতিক প্রচারণা চালানো হতে পারে। এ কারণে আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিকভাবেই মোকাবিলার পক্ষে মত দেন তিনি।

এ সময় বিরোধী দলকে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। এমন কর্মসূচির প্রতি সমর্থন জানাবেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে টুঙ্গিপাড়ায় অগ্নিসংযোগের ঘটনাগুলো নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খাঁন বলেন, বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়েই কেন আগুন দেওয়া হচ্ছে, অথচ জামায়াতের কার্যালয় এবং নেতাকর্মীদের বাড়িঘর অক্ষত থাকছে?