tanaka
প্রচ্ছদআদালতসাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর, আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা

সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর, আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে মঙ্গলবার সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। এর আগে সন্ধ্যা ৬টার দিকে কড়া নিরাপত্তায় সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী আবু সাইদ সাগর রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বারিধারা থেকে গ্রেপ্তার

মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি-১। পরে তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়।

এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী মানবজমিনকে বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বারিধারার ওই বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিএমপির গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, এসআরবি সাঈদ খোকনকে তাদের কাছে হস্তান্তর করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা একাধিক মামলার মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রিমান্ড আবেদনে যেসব অভিযোগ

রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আন্দোলন দমনে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন এবং তার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া হামলার জন্য অর্থ ও অস্ত্রের জোগান দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আবেদনে আরও বলা হয়, সরকার পতনের পরও ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে তিনি ঝটিকা মিছিলের আয়োজন করেন। পাশাপাশি পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন বলে তদন্তসংশ্লিষ্টদের দাবি। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

যেভাবে আত্মগোপনে ছিলেন

গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, গত তিন থেকে চার মাস ধরে সাঈদ খোকন বারিধারার ওই বাসায় যাওয়া-আসা করতেন। এর আগেও ভবনটিতে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়েছিল ডিবি। ভবনটির দ্বিতীয় তলায় তার মা এবং অষ্টম তলায় বোন বসবাস করতেন।

সূত্র জানায়, সাঈদ খোকন সাধারণত বাসা থেকে বের হতেন না। অনলাইনে খাবার অর্ডার করতেন। মাঝেমধ্যে পরিচিত কয়েকজন তার সঙ্গে দেখা করতে আসতেন। গ্রেপ্তার এড়াতে তিনি দাড়ি ও চুল বড় রেখেছিলেন বলেও জানা গেছে।

প্রায় তিন মাস আগে তার মায়ের ফ্ল্যাটে ডিবি অভিযান চালালে তিনি অষ্টম তলায় বোনের বাসায় গিয়ে ওঠেন। এরপর থেকে পুরো ভবনটি গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে এসআরবি-১-এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্রের দাবি, সাঈদ খোকনের বিরুদ্ধে প্রায় ৩০টি মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত মামলা ২১টি। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

কিশোর হত্যা মামলায় আসামি ১৭৬ জন

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় কিশোর আবদুল মোতালেব। এ ঘটনায় ওই বছরের ২৬ আগস্ট তার বাবা আবদুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এজাহারে সাঈদ খোকনের নাম রয়েছে ২৯ নম্বরে।

আদালত চত্বরে ঝাড়ু মিছিল, প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ

সাঈদ খোকনকে আদালতে হাজির করার খবর ছড়িয়ে পড়লে বিকেল থেকেই ঢাকা মহানগর দায়রা জজ ও সিএমএম আদালত এলাকায় জড়ো হন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের অনেকের হাতে ঝাড়ু ছিল। এ সময় তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

সন্ধ্যায় সাঈদ খোকনকে বহনকারী প্রিজনভ্যান আদালত প্রাঙ্গণে পৌঁছালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সেটি ঘিরে ধরেন। একপর্যায়ে প্রিজনভ্যানে ঝাড়ুপেটা ও ডিম নিক্ষেপ করা হয়। এ সময় ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ এবং ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

শুনানি শেষে আইনজীবীর ওপর হামলা

সাঈদ খোকনের রিমান্ড শুনানি শেষে তার আইনজীবী অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগের ওপর হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। হামলার শিকার আইনজীবী সোহাগ যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ভিডিও ফুটেজে দেখা যায়, শুনানি শেষে আদালত প্রাঙ্গণে হট্টগোল ও ধস্তাধস্তির একপর্যায়ে কয়েকজন ব্যক্তি আইনজীবী সোহাগকে হাত-পা ধরে চ্যাংদোলা করে সেখান থেকে নিয়ে যান।

এ সময় আদালত এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। উপস্থিত ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের ‘লীগ ধর, জেলে ভর’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ভিডিওতে এক বিক্ষুব্ধ ব্যক্তিকে বলতে শোনা যায়, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তারা মামলা ও কারাভোগের শিকার হয়েছেন। কারাগারে থাকার সময় পরিবারের সদস্যদের মৃত্যুতেও অংশ নিতে পারেননি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

অন্যদিকে হামলার মুখে আইনজীবী সোহাগকে ‘ভাই, মেরে ফেলবে আমারে’ বলে চিৎকার করতে শোনা যায়। এ সময় কয়েকজন আইনজীবী তাকে উদ্ধারের চেষ্টা করেন। তারা হামলাকারীদের উদ্দেশে বলেন, তিনি একজন আইনজীবী এবং আদালতে এসেছিলেন। তাকে ছেড়ে দেওয়ার জন্যও অনুরোধ করেন তারা।

ঘটনাস্থলে ভিডিও ধারণ ও সরাসরি সম্প্রচারের সময় কয়েকজন সাংবাদিক ও উপস্থিত ব্যক্তির মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং লাইভ বন্ধ করে দেওয়ার অভিযোগও উঠেছে।