মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপস্থিতি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চলাকালীন সময়ের তুলনায় আরও বেড়েছে। গত ফেব্রুয়ারি ও মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সময়ের চেয়েও বর্তমানে ওই অঞ্চলে বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এর কারণ অনুসন্ধান করছে ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ (আইএনএসএস)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
আইএনএসএস জানায়, উপসাগরীয় অঞ্চল, আরব সাগর, লোহিত সাগর ও ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের সেনা ও যুদ্ধজাহাজের অবস্থান সম্পর্কে বিভিন্ন উন্মুক্ত সূত্র থেকে তথ্য সংগ্রহ করে এ মূল্যায়ন তৈরি করা হয়েছে।
প্রতিষ্ঠানটির বিশ্লেষণ অনুযায়ী, বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি আগের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’র সময়ের সর্বোচ্চ অবস্থানকেও ছাড়িয়ে গেছে। এর ফলে শুধু আক্রমণ পরিচালনার সক্ষমতাই নয়, প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার সামর্থ্যও বেড়েছে। তবে এ অঞ্চলে ঠিক কতটি যুদ্ধজাহাজ ও কতসংখ্যক সেনা মোতায়েন রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি সংস্থাটি।
আইএনএসএসের প্রকাশিত মানচিত্রে দেখা গেছে, মার্কিন বিমানবাহী রণতরি জর্জ ওয়াশিংটন, জর্জ এইচ ডব্লিউ বুশ ও থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থান করছে। এসব রণতরির পাশাপাশি আরও কয়েকটি সামরিক জাহাজও মোতায়েন রয়েছে।
এর আগে গত ৯ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সামরিক দিক থেকে ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ। তবে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতে নৌ অবরোধ বহাল থাকবে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে আকাশে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত ২০০টির বেশি মার্কিন বিমান থাকলেও স্থলঘাঁটিতে যুদ্ধবিমানের সংখ্যা গত মার্চের তুলনায় কমেছে। আইএনএসএসের ব্যাখ্যা, ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় কিছু মার্কিন যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের পশ্চিমাঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি বিমান ইউরোপেও পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠানটির মতে, যুদ্ধজাহাজের তুলনায় যুদ্ধবিমান দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা সম্ভব। ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানশক্তির অবস্থান ও সক্ষমতার বিন্যাস যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।
এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে মতবিরোধের জেরে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা বাস্তবায়িত হয়নি। এরপর জুলাই থেকে দুই দেশের মধ্যে কয়েক দফায় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি



