tanaka
প্রচ্ছদসারাদেশভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার আগে বাড়ির ভাড়াটিয়াদের জোর করে বের করে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে গাজীপুর জেলা শহরের জোরপুকুরপাড়-সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিসংযোগের শিকার বাড়িটি আ ক ম মোজাম্মেল হকের শহরের পুরোনো টিনশেড বাড়ি। বাড়িটি ভাড়া দেওয়া ছিল। এর পাশেই তাঁর মালিকানাধীন আটতলা একটি ভবন রয়েছে, তবে সেটিতে আগুন ছড়ায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত বাড়িটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কারা বাড়িটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে আ ক ম মোজাম্মেল হকের নামে একটি কথিত অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই অডিওতে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও আক্রমণের নির্দেশনা রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়াও দেখা যায়।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর গাজীপুরের ধীরাশ্রম এলাকায় আ ক ম মোজাম্মেল হকের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল।