ইরানের সঙ্গে যোগসাজশ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬৪ জন শিয়া মুসলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাহরাইনের একটি আদালত। দণ্ডপ্রাপ্তদের অধিকাংশই ধর্মীয় নেতা ও আলেম। একই মামলায় আরও পাঁচজনকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসি (বিআইআরডি) এ তথ্য জানিয়েছে।
গত ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর সুন্নি শাসিত বাহরাইনে গ্রেপ্তার অভিযান জোরদার হয়। দেশটিতে মার্কিন সামরিক ঘাঁটি থাকায় ইরান সেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এরপর গুপ্তচরবৃত্তি এবং ইরানের প্রতি সহানুভূতি প্রকাশের অভিযোগে বাহরাইনের সংখ্যাগরিষ্ঠ শিয়া সম্প্রদায়ের শত শত মানুষকে আটক করে প্রশাসন। এ সময় অনেকের নাগরিকত্বও বাতিল করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) ঘোষিত রায়ে সাজাপ্রাপ্তদের মধ্যে ৫৬ জনকে গত মে ও জুন মাসে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের মধ্যে ৪৭ জন শিয়া আলেম। এই তালিকায় দেশটির প্রধান মসজিদগুলোর খতিব ও ইমামও রয়েছেন। অন্য নয়জন তাঁদের সহযোগী ও ধর্মীয় বক্তা। এ ছাড়া নির্বাসিত শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ শেখ ইসা কাসিমসহ আরও ১৩ জনকে অনুপস্থিতিতেই বিচার করে সাজা দেওয়া হয়েছে। বাহরাইন সরকারের ভাষ্য, পলাতক এসব আসামির অধিকাংশ বর্তমানে ইরানে অবস্থান করছেন।
আসামিদের বিরুদ্ধে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সহায়তায় সন্ত্রাসী সংগঠন গঠন, সংবিধান বাতিলের আহ্বান এবং ইরানের আদলে ধর্মতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছিল। কারাদণ্ডের পাশাপাশি কয়েকজনকে ২ লাখ ৬৫ হাজার ডলার জরিমানা এবং ২ কোটি ১২ লাখ ডলার বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, ঘোষিত সাজা তাঁদের ধারণার চেয়েও কঠোর।
এদিকে, আদালতের এই রায়ের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ ২০টি সংগঠনের অভিযোগ, কারাগারে আসামিদের ঘুমাতে না দিয়ে, চোখ ও হাত বেঁধে এবং নির্যাতনের ভয় দেখিয়ে জোরপূর্বক স্বীকারোক্তিতে সই নেওয়া হয়েছে। তাঁদের আরও দাবি, অনেক আসামি না পড়েই স্বীকারোক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয়েছেন। বিআইআরডি এই রায়কে বাহরাইনের শিয়া সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসের ওপর সরাসরি আঘাত হিসেবে বর্ণনা করেছে।
অন্যদিকে, নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বাহরাইন সরকার। দেশটির প্রশাসনের দাবি, ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে সাজা দেওয়া হয়নি। জব্দ করা নথিপত্র এবং রেকর্ড করা খুতবার মতো প্রমাণের ভিত্তিতেই আদালত রায় দিয়েছেন। পাশাপাশি আসামিদের সব ধরনের আইনি অধিকার নিশ্চিত করা হয়েছে বলেও দাবি করেছে সরকার।
সূত্র: বিবিসি



