রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার আলোচিত মামলাটি নিম্ন আদালত থেকে হাইকোর্ট পর্যন্ত দ্রুত নিষ্পত্তি হয়েছে। বিশেষ করে উচ্চ আদালতে মাত্র চার মাস ১০ দিনের মধ্যে ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিলের শুনানি শেষ করে রায় ঘোষণা করা হয়েছে। বিচারিক প্রক্রিয়ার এই দ্রুতগতিকে একটি রেকর্ড হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) হাইকোর্টের রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্টে টানা দুই মাসের অবকাশ ছিল। এ ছাড়া অবকাশের বাইরেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও আলোচিত মামলার শুনানি হয়েছে। এত ব্যস্ততার মধ্যেও পল্লবীর শিশু হত্যা মামলাটি দ্রুত শুনানি শেষে নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, বিচারিক আদালতে এক দিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি সম্পন্ন করে রায় দেওয়া হয়েছে। অন্যদিকে, হাইকোর্টে মাত্র চার মাস ১০ দিনের মধ্যে মামলাটির চূড়ান্ত শুনানি ও রায় ঘোষণা করা হয়েছে। বিচারিক কার্যক্রমের এমন গতি নিঃসন্দেহে একটি রেকর্ড।
মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় আদালত পর্যবেক্ষণে বলেন, এ ধরনের ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।
যেভাবে এগিয়েছে বিচারিক কার্যক্রম
মামলার বিবরণ অনুযায়ী, চলতি বছরের ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে সাত বছর বয়সী শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ধর্ষণের পর শিশুটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। মর্মান্তিক এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
পরবর্তী সময়ে গত ৭ জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে জেল আপিল করেন। একই সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন চেয়ে ডেথ রেফারেন্সও উচ্চ আদালতে পাঠানো হয়।
গত সোমবার (১৬ নভেম্বর) হাইকোর্টে এসব আবেদনের ওপর শুনানি শেষ হয়। এর পরদিন মঙ্গলবার আদালত মামলাটির রায় ঘোষণা করেন। এতে প্রধান আসামির মৃত্যুদণ্ড বহাল থাকলেও তার স্ত্রীকে খালাস দেওয়া হয়।



