বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় প্রথমবারের মতো কেন্দ্রটি থেকে উৎপাদিত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ কার্যক্রমের সূচনা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কার্যক্রম এবং জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক পরীক্ষার অংশ হিসেবে উৎপাদিত বিদ্যুৎ টানা ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় কেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা যাচাই করা হবে।
প্রথম ধাপের পরীক্ষা শেষ হলে বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করা হবে। দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রটির বিভিন্ন কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা চালানো হবে।
পরীক্ষার প্রতিটি ধাপে টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা, বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার কার্যকারিতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
সব ধরনের কারিগরি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন নিতে হবে। নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র পাওয়ার পর আবারও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।
রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। এ পর্যায়ে ইউনিটটি রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাথমিকভাবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী সময়ে সরকারি গেজেট বা প্রজ্ঞাপন জারির মাধ্যমে পরিচালন সংস্থা হিসেবে এনপিসিবিএল দায়িত্ব গ্রহণ করবে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। ফলে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াটে।
দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



