ব্যবসার পরিবেশ উন্নত করা, সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং রপ্তানি খাতে বৈচিত্র্য আনার লক্ষ্যে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তৈরি পোশাকশিল্পের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে নতুন নতুন শিল্প খাতের বিকাশ এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী তিন বছরের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সরকারের পরিকল্পনা ও অগ্রাধিকারগুলো তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী জানান, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমাতে ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) দেওয়ার প্রক্রিয়া ডিজিটাল করার কাজ চলছে। বর্তমানে এসব সেবা পেতে ৫০ থেকে ৫৫ দিন কিংবা তারও বেশি সময় প্রয়োজন হয়। তবে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে এই সময় কমিয়ে ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের।
রপ্তানি খাতে বৈচিত্র্য আনাকে অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
চামড়াশিল্পের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে সাভার চামড়াশিল্প নগরীতে পরিবেশগত মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের প্রচেষ্টাও চলছে। দেশের স্বর্ণশিল্পকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে আগামী কয়েক বছরের মধ্যে স্বর্ণালঙ্কার রপ্তানির উপযোগী শিল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান বাণিজ্যমন্ত্রী।
আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা চলছে। এ ছাড়া আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়া গেছে।
বৈঠকে উন্নয়ন প্রকল্পের পুনরাবৃত্তি ও সমন্বয়হীনতা দূর করা, প্রকল্প পরিচালকদের দক্ষতা বাড়ানো এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে একটি বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনাও তুলে ধরেন মন্ত্রী।
বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে বাংলাদেশের বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো কার্যকর করা, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা বৃদ্ধি এবং এফটিএ-সংক্রান্ত গবেষণায় সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল শিল্পের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি যৌথভাবে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।
বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি থেকে উত্তরণের আগে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা কমানো এবং বৈশ্বিক ভ্যালু চেইনে যুক্ত হওয়ার সুযোগ কাজে লাগাতে পারলে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব।
এফটিএ নিয়ে আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের কর্মকর্তাদের দক্ষতা ও দরকষাকষির সক্ষমতা বাড়াতেও প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি মনে করেন, প্যারা-ট্যারিফ ও সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কার বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে। ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাণিজ্য ব্যবস্থার সংস্কার এবং লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন করা গেলে দেশের রপ্তানি আয় ও কর্মসংস্থান বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা তৈরি হবে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমদ উল্লাহ, খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



