মোবাইল ফোন অপারেটরদের তরঙ্গ নবায়নের অর্থ কিস্তিতে পরিশোধের ক্ষেত্রে কঠোর শর্ত দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ১২ কিস্তিতে ১০ বছর ৫ মাসে টাকা পরিশোধের সুযোগ দেওয়া হলেও এর সঙ্গে যুক্ত হচ্ছে বড় অঙ্কের সুদ। ফলে তরঙ্গ নবায়নে মোট ২৯ হাজার ১৩২ কোটি ৩৭ লাখ টাকা দিতে হবে অপারেটরদের। এর মধ্যে শুধু সুদের পরিমাণই ৭ হাজার ৮৯৪ কোটি টাকার বেশি।
গত ১২ নভেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে একাধিক বৈঠক করেছেন নীতিনির্ধারকরা।
এদিকে সোমবার মোবাইল অপারেটরগুলোর প্রধান নির্বাহীরা টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন। এ সময় তারা জানান, গত ২০ থেকে ২৫ বছর ধরে তরঙ্গের মূল্য কিস্তিতে পরিশোধের সুযোগ থাকলেও কখনো এর জন্য সুদ দিতে হয়নি। নতুন শর্ত কার্যকর হলে অপারেটরদের ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তিন ব্যান্ডের তরঙ্গ নবায়নে বড় অঙ্কের ব্যয়
৯০০, ১ হাজার ৮০০ এবং ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গের বর্তমান মেয়াদ গত ১০ নভেম্বর শেষ হয়েছে। নতুন করে ২০ বছর মেয়াদে এসব ব্যান্ডের মোট ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গ নিলামের মাধ্যমে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মধ্যে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত মাসে একটি প্রস্তাব তৈরি করে। প্রস্তাবে প্রতি মেগাহার্টজ ৯০০ ব্যান্ডের মূল্য ৩১৬ কোটি টাকা, ১ হাজার ৮০০ ব্যান্ডের মূল্য ২৬৪ কোটি টাকা এবং ২ হাজার ১০০ ব্যান্ডের মূল্য ২২৯ কোটি টাকা নির্ধারণের সুপারিশ করা হয়।
বিটিআরসির হিসাব অনুযায়ী, প্রস্তাবিত দামে তরঙ্গ বরাদ্দ দেওয়া হলে মোবাইল অপারেটরদের কাছ থেকে প্রায় ২০ থেকে ২১ হাজার কোটি টাকা রাজস্ব পাওয়া যেতে পারে। এ প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠায় টেলিযোগাযোগ মন্ত্রণালয়। তবে অর্থ মন্ত্রণালয়ের নতুন শর্তে উদ্বেগ তৈরি হয়েছে সংশ্লিষ্টদের মধ্যে।
কিস্তিতে টাকা দিলেই দিতে হবে সুদ
অর্থ মন্ত্রণালয়ের উপসচিব খায়রুন নাহারের সই করা অনুমতিপত্রে তিন ব্যান্ডের তরঙ্গের প্রস্তাবিত মূল্যের বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে। তবে সরকার এককালীন অর্থ পরিশোধকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বিটিআরসি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রস্তাবে ১২টি কিস্তিতে ১০ বছর ৫ মাসের মধ্যে তরঙ্গের মূল্য পরিশোধের সুযোগ চাওয়া হয়েছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এক বছরের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ না করলে তৃতীয় কিস্তি থেকে প্রতিটি কিস্তির ওপর ৯০ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের সুদ যুক্ত হবে।
বর্তমানে এ সুদের হার ৮ দশমিক ১১ শতাংশ। অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে পুরো অর্থ পরিশোধ না করলে অপারেটরদের কিস্তির সঙ্গে অতিরিক্ত সুদও গুনতে হবে।
এ ছাড়া তরঙ্গ নবায়নের শর্ত হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ভ্যাট, কর ও সিম ট্যাক্সসংক্রান্ত কোনো বকেয়া নেই—এমন সনদ জমা দিতে হবে মোবাইল অপারেটরগুলোকে।
কিস্তিতে পরিশোধ করলে মোট ব্যয় ২৯ হাজার কোটি টাকার বেশি
অর্থ বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গের মূল মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ২৩৮ কোটি টাকা। তবে কিস্তিতে অর্থ পরিশোধের কারণে সুদ যুক্ত হলে মোট ব্যয় দাঁড়াবে ২৯ হাজার ১৩২ কোটি ৩৭ লাখ টাকা।
কিস্তির হিসাব অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় কিস্তিতে প্রতিবার ১ হাজার ৭৬৯ কোটি ৮৩ লাখ টাকা করে দিতে হবে অপারেটরদের। এরপর তৃতীয় কিস্তিতে সুদসহ পরিশোধ করতে হবে ৩ হাজার ২০৫ কোটি টাকা এবং চতুর্থ কিস্তিতে ৩ হাজার ৬১ কোটি টাকা।
এভাবে নির্ধারিত সূচি অনুযায়ী পরবর্তী কিস্তিগুলো পরিশোধ করতে হবে। সর্বশেষ ১২তম কিস্তিতে, অর্থাৎ প্রায় ১০ বছর পর দিতে হবে ১ হাজার ৯১৩ কোটি ৩৭ লাখ টাকা।
নতুন এই শর্তে তরঙ্গ নবায়নের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় মোবাইল অপারেটরদের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে সুদ ছাড়া কিস্তিতে তরঙ্গের মূল্য পরিশোধের সুবিধা পেয়ে আসা প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নিয়ম বড় আর্থিক চাপ হয়ে উঠতে পারে।



