tanaka
প্রচ্ছদজাতীয়গ্রামীণ যোগাযোগব্যবস্থায় বড় উদ্যোগ, ৪৮ জেলায় নির্মিত হবে ২৫৬ দীর্ঘ সেতু

গ্রামীণ যোগাযোগব্যবস্থায় বড় উদ্যোগ, ৪৮ জেলায় নির্মিত হবে ২৫৬ দীর্ঘ সেতু

দেশের প্রত্যন্ত ও প্রান্তিক জনপদের যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চারের লক্ষ্যে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ শীর্ষক এ প্রকল্পের আওতায় দেশের আট বিভাগের ৪৮টি জেলার ১২৫টি উপজেলায় মোট ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। শুরুতে সেতুর সংখ্যা কম থাকলেও বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদের দাবির পরিপ্রেক্ষিতে একাধিক দফায় প্রকল্পের পরিধি বাড়ানো হয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার চলতি অর্থবছরের সপ্তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরই মধ্যে প্রকল্পটি যাচাই-বাছাই শেষে অনুমোদনের সুপারিশ করেছে পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ।

প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী, সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়নযোগ্য এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা। এতে কোনো বৈদেশিক ঋণ, অনুদান কিংবা সংস্থার নিজস্ব অর্থায়ন থাকছে না। একনেকে অনুমোদন পেলে চলতি বছর কাজ শুরু করে ২০৩১ সালের জুনের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করবে এলজিইডি।

প্রকল্পের প্রধান লক্ষ্য হলো দীর্ঘ সেতু নির্মাণের মাধ্যমে গ্রামীণ সড়ক যোগাযোগব্যবস্থা উন্নত করা। একই সঙ্গে গ্রোথ সেন্টার, হাটবাজার, শিল্পকারখানা, নৌঘাট, কৃষি ও অকৃষি পণ্য উৎপাদন কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে আঞ্চলিক বৈষম্য কমানো, আর্থসামাজিক উন্নয়ন এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

এলজিইডির মতে, সেতুগুলো নির্মিত হলে গ্রামীণ এলাকায় উৎপাদিত কৃষি ও অকৃষি পণ্য দ্রুত এবং কম খরচে বড় বাজার ও শহরে পরিবহন করা সম্ভব হবে। পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা কমবে। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের দ্রুত পৌঁছানোও সহজ হবে। প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রকল্পটি দারিদ্র্য বিমোচনেও ভূমিকা রাখবে বলে আশা করছে সংস্থাটি।

কয়েক দফায় বেড়েছে সেতুর সংখ্যা

প্রকল্প প্রস্তাব পর্যালোচনায় দেখা গেছে, এর প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছিল সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে। ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ কাজের সম্ভাব্যতা যাচাই’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় আট বিভাগের ৩০ জেলার ৪৮টি উপজেলায় ৭৪টি দীর্ঘ সেতুর সম্ভাব্যতা সমীক্ষা করা হয়। ওই সমীক্ষার ভিত্তিতে সেতুগুলোর প্রাথমিক নকশা, ড্রয়িং ও ব্যয় প্রাক্কলন তৈরি করা হয়েছিল।

পরবর্তী সময়ে আন্তমন্ত্রণালয় কমিটি এবং পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) বিভিন্ন সভার সিদ্ধান্তে প্রকল্পের পরিধি ও সেতুর সংখ্যা বাড়তে থাকে।

শুরুতে এলজিইডি ছয় বিভাগের ১৪টি জেলার ১৯টি উপজেলায় ২০টি সেতু নির্মাণের প্রস্তাব দিয়ে ডিপিপি পাঠায়। তবে ২০২৩ সালের ৯ আগস্ট অনুষ্ঠিত প্রকল্প যাচাই কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, আট বিভাগের ১৪টি জেলার ৩৩টি উপজেলার ৩৮টি সেতু অন্তর্ভুক্ত করে প্রকল্প প্রস্তাব পুনর্গঠন করা হয়।

একই বছরের ২ নভেম্বর অনুষ্ঠিত পিইসি সভার সিদ্ধান্তের ভিত্তিতে আট বিভাগের ২৪টি জেলার ৩২টি উপজেলা থেকে আরও ৩৭টি সেতু যুক্ত করে ডিপিপি পুনর্গঠন করা হয়।

এরপর ২০২৪ সালের ৩ জুলাই অনুষ্ঠিত পিইসি সভায় জনগুরুত্ব বিবেচনায় আট বিভাগের ২৯টি জেলার ৩২টি উপজেলা থেকে আরও ৩২টি সেতু অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়। এর মধ্যে ফেনী সদর উপজেলায় একটি সেতু নির্মাণের জন্য পৃথক প্রকল্প ইতোমধ্যে পরিকল্পনা কমিশনের অনুমোদন পাওয়ায় বাকি ৩১টি সেতু এবং পরিবর্তিত পরিস্থিতিতে নতুন ৩২টি সেতুসহ মোট ৬৩টি সেতু অন্তর্ভুক্তির প্রস্তাব ২০২৫ সালের ১৭ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়।

সর্বশেষ প্রকল্পের বিভিন্ন স্কিম যাচাই-বাছাই করে ডিপিপি পুনর্গঠনের জন্য ২০২৬ সালের ৩০ মার্চ স্থানীয় সরকার বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে পিইসির সুপারিশ করা ১১টি সেতু এবং স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় জনগুরুত্ব বিবেচনায় আরও ২০০টি সেতুসহ মোট ২১১টি সেতু প্রস্তাবিত ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হয়।

পরবর্তী সময়ে ২০২৬ সালের ২ আগস্ট অনুষ্ঠিত পিইসি সভায় বিভিন্ন এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের দাবি এবং জনস্বার্থ বিবেচনায় প্রকল্পের স্কিমগুলো পুনরায় যাচাই করা হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, চূড়ান্ত প্রস্তাবে মোট ২৫৬টি দীর্ঘ সেতু অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব সেতুর মধ্যে ৯৮টির জন্য নতুন করে সম্ভাব্যতা সমীক্ষা করতে হবে। এ কাজের জন্য প্রকল্পে পৃথক অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

পাঁচ বছরে ব্যয় ৮ হাজার ৮৮৮ কোটি টাকা

প্রস্তাবিত পাঁচ বছর মেয়াদি প্রকল্পের অর্থবছরভিত্তিক ব্যয় পরিকল্পনায় দেখা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে ব্যয় হবে ১ হাজার ৪৩৮ কোটি ৪৭ লাখ ২৮ হাজার টাকা। ২০২৭-২৮ অর্থবছরে সর্বোচ্চ ২ হাজার ২৩৪ কোটি ৩২ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ২০২৮-২৯ অর্থবছরে ২ হাজার ১৮৮ কোটি ৪৩ লাখ ৪৩ হাজার টাকা, ২০২৯-৩০ অর্থবছরে ২ হাজার ৬৫ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার টাকা এবং ২০৩০-৩১ অর্থবছরে ৯৬১ কোটি ৪৬ লাখ ৪৬ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

ব্যয় বিশ্লেষণে দেখা যায়, প্রকল্পের মোট অর্থের বড় অংশ ব্যয় হবে অবকাঠামো নির্মাণ ও অন্যান্য মূলধন খাতে। রাজস্ব খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৮০ কোটি ৯৩ লাখ টাকা। এর মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ৯ কোটি ৭২ লাখ টাকা, সরবরাহ ও সেবা খাতে ১৬৯ কোটি ৬ লাখ টাকা এবং মেরামত, সংরক্ষণ ও পুনর্বাসনে ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

সরবরাহ ও সেবা খাতের মধ্যে ব্যক্তিভিত্তিক পরামর্শক নিয়োগে ৬২ কোটি ৬৪ লাখ টাকা এবং ১০টি নন-স্প্যান সেতুর নকশা পর্যালোচনা ও ভেটিং ফি বাবদ ১২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এ ছাড়া বিভিন্ন দৈর্ঘ্যের সেতুর মাটি পরীক্ষা, টপোগ্রাফিক্যাল, বেথিমেট্রিক ও হাইড্রোলজিক্যাল সমীক্ষার জন্য অর্থ রাখা হয়েছে।

অন্যদিকে মূলধন খাতে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৬৩৭ কোটি ৪৫ লাখ টাকা। প্রকল্পের আওতায় মোট ৪৯ হাজার ৫০ মিটার দৈর্ঘ্যের ২৫৬টি সেতু নির্মাণ করা হবে। এসব সেতু নির্মাণে প্রাক্কলিত ব্যয় ৭ হাজার ৮৮৫ কোটি ১ লাখ টাকা।

সেতুগুলোর সঙ্গে গ্রামীণ সড়কের সংযোগ স্থাপনে ৬৫ দশমিক ১৮৭ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে ৩২৫ কোটি ৯৩ লাখ টাকা। পাশাপাশি বিদ্যমান ৭ হাজার ৭০০ মিটার সেতুর নদীশাসন ও রক্ষণাবেক্ষণের জন্য ১৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে।

অবকাঠামো ও সংযোগ সড়ক নির্মাণের জন্য দেশের বিভিন্ন এলাকায় ৩০০ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা করা হয়েছে। এ খাতে ব্যয় ধরা হয়েছে ৪০০ কোটি টাকা।

সম্পদ সংগ্রহ ও ক্রয় খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৯ কোটি ১১ লাখ টাকা। এ অর্থে ৫৫টি কম্পিউটার ও আনুষঙ্গিক সরঞ্জাম, ১১০টি মোটরসাইকেল ও মোটরযান, দুটি ফটোকপিয়ার এবং ২০টি থ্রি-হুইল স্ট্যাটিক রোড রোলার কেনার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া সংযোগ সড়কের দুই পাশে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ ও পরিচর্যায় ২ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় বৃদ্ধি ও অন্যান্য অনিশ্চয়তা মোকাবিলায় ফিজিক্যাল কন্টিনজেন্সি খাতে ৪০ কোটি এবং প্রাইস কন্টিনজেন্সি খাতে ৩০ কোটি টাকা রাখা হয়েছে।

আট বিভাগের ১২৫ উপজেলায় নির্মিত হবে সেতু

প্রকল্পের ভৌগোলিক তালিকা অনুযায়ী, আট বিভাগের ৪৮টি জেলার ১২৫টি উপজেলায় সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে রংপুর বিভাগের পাঁচ জেলার ১০টি উপজেলা রয়েছে। এগুলো হলো ঠাকুরগাঁও সদর ও রাণীশংকৈল, নীলফামারী সদর ও ডিমলা, দিনাজপুরের বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট এবং পঞ্চগড় ও লালমনিরহাট সদর উপজেলা।

রাজশাহী বিভাগের ছয় জেলার ১৭টি উপজেলা প্রকল্পের আওতায় এসেছে। এর মধ্যে বগুড়ার ১০টি উপজেলা—শেরপুর, সোনাতলা, সারিয়াকান্দি, ধুনট, শিবগঞ্জ, মোকামতলা, সদর, গাবতলী, কাহালু ও নন্দীগ্রাম। এ ছাড়া নওগাঁর মান্দা ও আত্রাই, রাজশাহীর বাঘা, জয়পুরহাটের আক্কেলপুর ও পাঁচবিবি, নাটোরের লালপুর এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সেতু নির্মাণ করা হবে।

খুলনা বিভাগের চার জেলার পাঁচটি উপজেলায় সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে খুলনার দিঘলিয়া, বাগেরহাটের মোংলা, মাগুরার মহম্মদপুর ও সদর এবং ঝিনাইদহের শৈলকুপা উপজেলা রয়েছে।

বরিশাল বিভাগের পাঁচ জেলার ১৫টি উপজেলায় প্রকল্পের কাজ হবে। উপজেলাগুলো হলো বরগুনার আমতলী; বরিশালের বাকেরগঞ্জ, মেহেন্দীগঞ্জ, আগৈলঝাড়া, গৌরনদী, হিজলা ও বাবুগঞ্জ; পটুয়াখালীর মির্জাগঞ্জ, গলাচিপা ও বাউফল; পিরোজপুরের নাজিরপুর, জিয়ানগর ও সদর এবং ভোলার মনপুরা ও লালমোহন।

ময়মনসিংহ বিভাগের তিন জেলার আটটি উপজেলাও প্রকল্পের আওতায় রয়েছে। এগুলো হলো জামালপুরের ইসলামপুর, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ; নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা এবং ময়মনসিংহের গফরগাঁও, নান্দাইল ও গৌরীপুর।

ঢাকা বিভাগের ১১ জেলার ২৯টি উপজেলায় সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে ফরিদপুর সদর ও নগরকান্দা; টাঙ্গাইল সদর, সখীপুর, বাসাইল ও ধনবাড়ী; মানিকগঞ্জের ঘিওর ও সদর; নারায়ণগঞ্জের রূপগঞ্জ; নরসিংদীর বেলাব, মনোহরদী, পলাশ, রায়পুরা ও সদর; কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচর ও পাকুন্দিয়া; ঢাকার কেরানীগঞ্জ, সাভার ও নবাবগঞ্জ; গাজীপুরের কালিয়াকৈর ও কাপাসিয়া; মাদারীপুরের কালকিনি ও সদর; শরীয়তপুরের গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ এবং মুন্সীগঞ্জের গজারিয়া ও সিরাজদীখান রয়েছে।

সিলেট বিভাগের চার জেলার ১০টি উপজেলায় সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে সিলেটের গোয়াইনঘাট, সদর, কোম্পানীগঞ্জ, গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ; হবিগঞ্জের বানিয়াচং; মৌলভীবাজারের রাজনগর এবং সুনামগঞ্জের জগন্নাথপুর, সদর ও তাহিরপুর উপজেলা রয়েছে।

সবচেয়ে বেশি বিস্তৃত তালিকা রয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগের ১০ জেলার ৩১টি উপজেলায় সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে চাঁদপুরের শাহরাস্তি, হাজীগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর, ফরিদগঞ্জ ও কচুয়া; ফেনীর সোনাগাজী; কুমিল্লার মুরাদনগর, বুড়িচং, আদর্শ সদর, মনোহরগঞ্জ ও হোমনা; ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নবীনগর ও সরাইল; কক্সবাজারের পেকুয়া, চকরিয়া ও টেকনাফ; চট্টগ্রামের হাটহাজারী, আনোয়ারা ও সাতকানিয়া; লক্ষ্মীপুরের সদর, রায়পুর, রামগতি ও কমলনগর; রাঙামাটির সদর ও লংগদু; বান্দরবানের আলীকদম ও থানচি এবং খাগড়াছড়ির দিঘীনালা উপজেলা রয়েছে।

পরিবেশ ও নৌ চলাচল বিবেচনায় রাখার নির্দেশনা

প্রকল্পটির ওপর গত ৯ আগস্ট অনুষ্ঠিত পিইসি সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের শর্তে অনুমোদনের সুপারিশ করেছে পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ।

কমিশনের মূল্যায়নে বলা হয়েছে, প্রস্তাবিত এলাকাগুলোতে সড়ক যোগাযোগ সহজতর ও টেকসই করা গেলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে। এর ফলে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং আঞ্চলিক দারিদ্র্য বিমোচনে প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এসব বিবেচনায় প্রকল্পটি অনুমোদনযোগ্য বলে মত দিয়েছে কমিশন।

তবে প্রকল্প বাস্তবায়নে কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা রয়েছে। নদীপথে দীর্ঘ সেতু নির্মাণের ক্ষেত্রে নদীর গতিপথ, নাব্যতা ও পরিবেশগত প্রভাব বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে হাইড্রোলজিক্যাল, মরফোলজিক্যাল ও বেথিমেট্রিক সমীক্ষার সুপারিশ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছ থেকে নেভিগেশনাল ক্লিয়ারেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। সেতু নির্মাণে জলবায়ু সহনশীল ও টেকসই নির্মাণসামগ্রী ব্যবহারের বিষয়টিও নিশ্চিত করতে বলেছে পরিকল্পনা কমিশন।

প্রকল্পের স্কিম নির্বাচনের ক্ষেত্রে অন্য কোনো চলমান প্রকল্পের সঙ্গে কাজের দ্বৈততা যেন তৈরি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রোড রোলার ও লোবেড ট্রেইলার কেনার আগে প্রধান প্রকৌশলীর নেতৃত্বে কারিগরি কমিটি গঠন করে বাজারদর যাচাইয়ের মাধ্যমে ব্যয় প্রাক্কলন করতে হবে। প্রকল্প এলাকায় আগে থেকে থাকা মোটরসাইকেল ও রোড রোলারের পূর্ণাঙ্গ তালিকাও প্রকল্প প্রস্তাবে যুক্ত করার নির্দেশনা দিয়েছে কমিশন।

সব মিলিয়ে, প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের সড়ক যোগাযোগে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার এবং গ্রামীণ বাজারব্যবস্থার সম্প্রসারণে দীর্ঘদিনের প্রতিবন্ধকতা কমানোর সুযোগ তৈরি হবে। তবে প্রকল্পের সাফল্য নির্ভর করবে যথাযথ স্থান নির্বাচন, নির্মাণের মান, পরিবেশগত সুরক্ষা এবং সময়মতো কাজ শেষ করার ওপর।