tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিসরকারের মোট ঋণ ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা, ৭ মাসে পরিশোধ...

সরকারের মোট ঋণ ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা, ৭ মাসে পরিশোধ ২৯৫ কোটি ডলার

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দেশি-বিদেশি উৎস থেকে নেওয়া বাংলাদেশ সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ১০ লাখ ৩২৫ কোটি টাকা। অন্যদিকে, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাত মাসে ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বর্তমান সরকার।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল এবং সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিনের পৃথক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরের নির্দিষ্টকরণ আইন অনুযায়ী, চলতি অর্থবছরে সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের জন্য মোট ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তবে অর্থবছর শেষে ঋণ পরিশোধের প্রকৃত পরিমাণে পরিবর্তন আসতে পারে বলে উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সাধারণ ভবিষ্যৎ তহবিল (জিপিএফ) ও জাতীয় সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির আগে অর্থ উত্তোলন বা নগদায়নের পরিমাণ আগাম নির্ধারণ করা সম্ভব নয়। এসব খাতে অর্থ উত্তোলনের পরিমাণ কমা-বাড়ার ওপর নির্ভর করে বছর শেষে মোট ঋণ পরিশোধের হিসাবেও পরিবর্তন আসতে পারে।

সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিগত সরকারের রেখে যাওয়া বৈদেশিক ঋণের চাপ সহনীয় পর্যায়ে রাখতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকার গঠনের পর থেকেই বৈদেশিক ঋণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

তিনি বলেন, বৈদেশিক ঋণে বাস্তবায়নের জন্য নতুন কোনো প্রকল্প গ্রহণের আগে প্রকল্প প্রস্তাব ও সংশ্লিষ্ট ঋণ প্রস্তাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো, বৈদেশিক ঋণের অর্থে অপ্রয়োজনীয় কোনো প্রকল্প গ্রহণ না করা।

একই সঙ্গে বৈদেশিক ঋণে বাস্তবায়িত প্রকল্পগুলো দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারে সরকারের লক্ষ্য-উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা বিবেচনায় নেওয়া হচ্ছে। এসব প্রকল্প নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যেও সহায়ক কি না, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

বিশেষ করে উচ্চ সুদহার এবং স্বল্পমেয়াদি ও কঠিন শর্তযুক্ত বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে সরকার বিশেষ সতর্কতা অবলম্বন করছে বলে সংসদকে জানান তিনি।

অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ২০২৬ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।