সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি, সমান সুযোগ ও উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। নতুন এই সংশোধনীর মাধ্যমে দেশীয় শিল্পের সুরক্ষা, ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাসহ সুবিধাবঞ্চিত দরদাতাদের অংশগ্রহণ বাড়ানো এবং সরকারি ক্রয়ব্যবস্থাকে আরও প্রতিযোগিতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে তা পাস হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠকে বিলটি পাস করা হয়।
বিলটি পাসের আগে জনমত যাচাইয়ের প্রস্তাব দেন বিরোধীদলীয় ১৪ জন সংসদ সদস্য। তাঁদের মধ্যে রয়েছেন নোয়াখালী-৬ আসনের আবদুল হান্নান মাসউদ, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী, পটুয়াখালী-২ আসনের শফিকুল ইসলাম, ময়মনসিংহ-৬ আসনের কামরুল হাসান, পাবনা-৩ আসনের এম আলী আসগর, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মুজিবুর রহমান ইকবাল, চুয়াডাঙ্গা-২ আসনের রুহুল আমিন, চট্টগ্রাম-১৬ আসনের জহিরুল ইসলাম, শেরপুর-১ আসনের রাশেদুল ইসলাম রাশেদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রুমিন ফারহানা, নীলফামারী-২ আসনের আল ফারুক আবদুল লতিফ, কুষ্টিয়া-২ আসনের আবদুল গফুর, সংরক্ষিত নারী আসন-৪০-এর মোছা. নাজমুন নাহার এবং রংপুর-৪ আসনের এম আখতার হোসেন।
বিরোধী সদস্যদের উত্থাপিত সংশোধনী প্রস্তাবের জবাবে অর্থমন্ত্রী বলেন, এই আইনের উদ্দেশ্য নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য বিশেষ সুযোগ তৈরি করা নয়; বরং যারা দীর্ঘদিন সরকারি ক্রয়প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করা। তবে কেউ সুযোগবঞ্চিত হলেই স্বয়ংক্রিয়ভাবে সুবিধা পাবেন, বিষয়টি এমন নয় বলেও উল্লেখ করেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ উদ্দেশ্যে গঠিত পর্যালোচনা কমিটিতে বেসরকারি খাতের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে আপিল প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, বিরোধী সদস্যদের উত্থাপিত কিছু বিষয় বিদ্যমান আইনি কাঠামোর মধ্যেই রয়েছে। ক্রয়প্রক্রিয়ার ব্যবস্থাপনা ও পরিচালনা নিয়ে অন্য যেসব পর্যবেক্ষণ ও প্রস্তাব এসেছে, সেগুলো বিধিমালা প্রণয়নের সময় বিবেচনা করা হবে। তবে সব প্রস্তাব বিধিমালায় অন্তর্ভুক্ত করা সম্ভব নাও হতে পারে।
এদিকে অধ্যাদেশ জারির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন পাবনা-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান। দেশে কার্যকর সংসদ থাকা সত্ত্বেও সংসদ সদস্যদের পাশ কাটিয়ে কোন পরিস্থিতিতে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছিলেন, তা জানতে চান তিনি।
জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। বিলটি সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই পাস হচ্ছে। সংবিধানে অধ্যাদেশ জারির বিধান রয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, সংশোধনীর মাধ্যমে দেশীয় শিল্পের সুরক্ষা, সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বৃদ্ধি, ক্রয়চুক্তির প্রশাসনিক ও ব্যবস্থাপনাসংক্রান্ত বিধান সম্প্রসারণ এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতির প্রক্রিয়া আধুনিকায়ন করা হবে।
টেকসই সরকারি ক্রয় নিশ্চিত করতে পণ্য, কার্য ও ভৌত সেবার মূল্যায়নে অনুপাতভিত্তিক মানদণ্ড বা ‘রেটেড ক্রাইটেরিয়া’ পদ্ধতি চালুর প্রস্তাব করা হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই পদ্ধতির মাধ্যমে শুধু দরপত্রের মূল্য নয়, অন্যান্য প্রাসঙ্গিক মানদণ্ড বিবেচনায় নিয়ে ক্রয়প্রস্তাব মূল্যায়নের সুযোগ তৈরি হবে।
এ ছাড়া সরকারি সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ, পেশাগত অসদাচরণসংক্রান্ত বিধান স্পষ্ট করা এবং রাষ্ট্রের জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয়ব্যবস্থা চালুর প্রস্তাব রাখা হয়েছে।
সরকারি ক্রয়ের প্রধান আইনি কাঠামো ‘সরকারি ক্রয় আইন, ২০০৬’ এ পর্যন্ত ছয়বার সংশোধন করা হয়েছে। সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারির মাধ্যমে আইনটিতে পরিবর্তন আনা হয়। দেশীয় শিল্পের সুরক্ষা ও সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়ানোর লক্ষ্যেই ওই অধ্যাদেশ জারি করা হয়েছিল।
সংশোধনীতে নতুন উদ্যোক্তা, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র প্রতিষ্ঠান, নারী এবং সুবিধাবঞ্চিত দরদাতাদের সরকারি ক্রয়ে অংশগ্রহণের সুযোগ বাড়াতে বিশেষ বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়। পাশাপাশি উন্মুক্ত দরপত্র পদ্ধতির আধুনিকায়ন এবং সম্পদের অধিকতর ন্যায্য বণ্টনের লক্ষ্যে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ সম্প্রসারণের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
অধ্যাদেশের মাধ্যমে আনা সংশোধনীগুলোকে আইনি ভিত্তি দিতে গত ৯ নভেম্বর সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী জারি করা অধ্যাদেশটি ৯৩(২) অনুচ্ছেদের বিধান অনুসারে জাতীয় সংসদে উপস্থাপন করা হয়।
এর আগে ‘সরকারি ক্রয় (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া জনমত গ্রহণের জন্য বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভা বিলটির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়। গত ২ নভেম্বর বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্তমান সরকারের ২৬তম মন্ত্রিসভা বৈঠকে বিলটির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।



