নারায়ণগঞ্জের বন্দরে একটি তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার আগমন প্রতিহত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় হেফাজতে ইসলাম, চরমোনাইপন্থি আলেম-ওলামা ও বিএনপির নেতারা। এমন বিরোধিতার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা অবস্থান জানিয়ে আমির হামজা বলেছেন, সব ষড়যন্ত্র ও বাধা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নারায়ণগঞ্জের বন্দরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
পোস্টে আমির হামজা লেখেন, ‘প্রিয় নারায়ণগঞ্জ, আমি আসছি বন্দর থানার ২৫ নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক ফুটবল মাঠে। সকলকে জানাই আন্তরিক আমন্ত্রণ। দেখা হবে, কথা হবে, ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্র ও বাধা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। ইনশাআল্লাহ।’
সোমবার বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা এলাকার পৌর মাঠে ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’র উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে আমির হামজার উপস্থিত থাকার কথা।
তবে তাকে অতিথি করার বিষয়টি নিয়ে স্থানীয় আলেম-ওলামা, মসজিদ কমিটি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। একদিকে মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছে, অন্যদিকে তার আগমন ঠেকাতে সক্রিয় হয়েছেন হেফাজতে ইসলাম, চরমোনাইপন্থি আলেম এবং স্থানীয় বিএনপির নেতারা। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া।
এর আগে গত শনিবার (১৪ নভেম্বর) বন্দরের লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় আমির হামজার আগমন প্রতিহতের বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদ, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্থানীয় বিএনপির নেতারা অংশ নেন। বৈঠক শেষে যেকোনো মূল্যে তার আগমন ঠেকানোর ঘোষণা দেওয়া হয়।
বৈঠকে নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী বলেন, তারা মাহফিল আয়োজনের বিরোধী নন। বরং সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে মাহফিল সম্পন্ন হোক, সেটিই তাদের প্রত্যাশা। তবে বিতর্কিত কোনো বক্তাকে তারা মেনে নিতে রাজি নন।
তিনি আরও বলেন, ‘প্রশাসন যেন বিষয়টি খতিয়ে দেখে। এলাকার পরিবেশ নষ্ট হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে। তিনি বিতর্কিত রাজনৈতিক বক্তব্য দেবেন। এ জন্য এলাকার শান্তি বিনষ্ট হোক, এটা আমরা হতে দিতে পারি না।’
হেফাজতে ইসলামের নেতা হাফেজ কবির হোসাইন অভিযোগ করেন, মাহফিলের অতিথি হিসেবে প্রচারপত্রে যাদের নাম দেওয়া হয়েছে, তাদের অনেকের কাছ থেকেই অনুমতি নেওয়া হয়নি। তার ভাষায়, ‘না জানিয়ে নাম ব্যবহার করা ইসলাম কতটুকু সমর্থন করে, আয়োজকদের কাছে আমার এই প্রশ্ন রইল।’
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা জহিরুল ইসলাম আমির হামজাকে বিতর্কিত বক্তা হিসেবে উল্লেখ করেন। তার অভিযোগ, চরমোনাই পীরকে নিয়ে আমির হামজা বিরূপ মন্তব্য করেছেন। এ কারণে বন্দরে তাকে আসতে দেওয়া হবে না এবং তারা তার আগমন প্রতিহত করবেন।
স্থানীয় বিএনপির সভাপতি মো. ফারুকও মাহফিলকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করার কথা জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, আয়োজকেরা অনেক বিশিষ্ট ব্যক্তির অনুমতি ছাড়াই প্রচারপত্রে তাদের নাম ব্যবহার করেছেন।
তবে আয়োজক কমিটির পক্ষ থেকে এসব বিরোধিতার বিষয়ে ভিন্ন অবস্থান জানানো হয়েছে। কমিটির সদস্য মাওলানা আবু আবদুল্লাহ বলেন, স্থানীয় পুলিশ ও প্রশাসনের অনুমতি নিয়েই মাহফিলের আয়োজন করা হচ্ছে। ফলে এ অনুষ্ঠানকে কেন্দ্র করে শান্তি বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই।
তিনি আরও জানান, এ বিষয়ে নারায়ণগঞ্জ ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সঙ্গে তাদের আলোচনা হয়েছে এবং তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যারা মাহফিলের বিরোধিতা করছেন, তারা হয়তো রাজনৈতিক চাপের কারণে এমন অবস্থান নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।



