tanaka
প্রচ্ছদসারাদেশপাওনা টাকা নিয়ে বিরোধ, বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

পাওনা টাকা নিয়ে বিরোধ, বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামে ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাবা রহিম উল্লাহকে (৬৩) পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে মো. রামিনকে (২১) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭। রোববার (১৫ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর থানার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি-৭।

নিহত রহিম উল্লাহর গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার মাইজপাড়া এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার বিজয়নগর এলাকায় বসবাস করতেন। জীবিকা নির্বাহের জন্য স্থানীয় ১৪ নম্বর ঘাট এলাকায় আক্কাসের মার্কেটের সামনে ভ্যানগাড়িতে কাপড়চোপড়সহ বিভিন্ন পণ্য বিক্রি করতেন তিনি।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত রামিনকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে কক্সবাজারের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি সূত্রে জানা গেছে, রহিম উল্লাহর কাছ থেকে পণ্য নিয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন তার ছেলে রামিন। তবে বিক্রির টাকা বাবাকে যথাযথভাবে বুঝিয়ে না দিয়ে নিজের অপ্রয়োজনে খরচ করতেন তিনি। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এর জেরে গত ১০ নভেম্বর রাত ৮টার দিকে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দেন। তবে ওই সময় বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন রামিন।

এর প্রায় তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে বিজয়নগরের ১৪ নম্বর ঘাট এলাকায় আক্কাসের মার্কেটের সামনে আবারও বাবা-ছেলের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রামিন তার বাবার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুসি মারেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হয়ে রহিম উল্লাহ মাটিতে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গত ১১ নভেম্বর পতেঙ্গা মডেল থানায় ছেলে রামিনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।