বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন, ডিজিটাল প্রযুক্তির সম্প্রসারণ এবং শিক্ষক প্রশিক্ষণকে আরও আধুনিক করতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। এ ক্ষেত্রে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক শ্রেণিকক্ষ প্রতিষ্ঠা এবং সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করতে চায় সংস্থাটি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের সক্ষমতা বাড়ানো, যুগোপযোগী শিক্ষানীতি তৈরি এবং শিক্ষকতা পেশার মান ও পেশাদারিত্ব উন্নয়নের ওপর গুরুত্ব দেন সুসান ভাইজ। তিনি সব শিক্ষাপ্রতিষ্ঠান ও মাধ্যমের শিক্ষকদের জন্য সমন্বিত নীতিমালা প্রণয়নের পাশাপাশি চাকরিতে যোগদানের আগে প্রশিক্ষণ এবং কর্মজীবনে নিয়মিত দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এ ছাড়া শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ, শিক্ষার্থীদের ঝরে পড়া প্রতিরোধ, কার্যকর মূল্যায়ন পদ্ধতি, স্বাস্থ্য শিক্ষা ও টেকসই উন্নয়নের বিষয়েও আলোচনা করেন তিনি। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ বাজেট বরাদ্দের প্রস্তাবও আলোচনায় উঠে আসে।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে তুলতে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন মাহদী আমিন। তিনি বলেন, শিক্ষার মান বাড়াতে ডিজিটাল শিক্ষা উপকরণ ও এডটেক খাতে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা এবং পাঠদানের সক্ষমতা উন্নয়নে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি মাল্টিমিডিয়া ও আধুনিক শ্রেণিকক্ষ গড়ে তোলার কাজ চলছে। এসব উদ্যোগের মাধ্যমে শহরের পাশাপাশি প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের কাছেও উন্নত শিক্ষাসামগ্রী ও ডিজিটাল কনটেন্ট পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
একই সঙ্গে শিক্ষকদের পাঠদানের মান যাচাই এবং শিক্ষার গুণগত উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন মাহদী আমিন।
বৈঠকে ইউনেস্কোর ঢাকা কার্যালয়ের হেড অব এডুকেশন নরিহিদে ফুরাওকাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে দুই পক্ষ পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে একমত হয়।



