tanaka
প্রচ্ছদজাতীয়দেশে ডেঙ্গুতে প্রাণহানি ৫০০ ছাড়াল, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৮

দেশে ডেঙ্গুতে প্রাণহানি ৫০০ ছাড়াল, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৮

দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০২ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৮ জন।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের বাসিন্দা। অপরজনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।

এদিকে নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির দিক থেকেও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৬৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২৫১ জন, খুলনায় ২০১ জন, বরিশালে ১৮৪ জন, রাজশাহীতে ১৪৫ জন, রংপুরে ৭১ জন, ময়মনসিংহে ৬১ জন এবং সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট ৫০২ জনের মৃত্যু হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। দুই সিটি করপোরেশনসহ এ বিভাগে মারা গেছেন ২৫১ জন।

এ ছাড়া খুলনা বিভাগে ৮৭ জন, চট্টগ্রামে ৪৯ জন, ময়মনসিংহে ৪০ জন, বরিশালে ৩২ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে আটজন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।

একদিকে প্রতিদিন বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা, অন্যদিকে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাওয়ায় ডেঙ্গু পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।