কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ইউকের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদের একটি প্রতিনিধিদল। সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে প্রতিনিধিদলটি রোববার দিবাগত রাত ১টার দিকে ঢাকার উদ্দেশে নয়, যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিতে এ সফর করছেন সংসদ সদস্যরা।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন ও মারদিয়া মমতাজ। সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব এবিএম রওশন কবীর।
১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্য পার্লামেন্টে অনুষ্ঠেয় এ সফরে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, সংসদীয় কমিটির কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং সংসদীয় নজরদারি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন প্রতিনিধিদলের সদস্যরা।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে।



