ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর তাঁর পদত্যাগের দাবি জোরালো করেছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট। নেতানিয়াহুকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘আর এক মিনিটের জন্যও সরকারের শীর্ষ পদে থাকতে পারেন না তিনি।’
রোববার (১৫ নভেম্বর) জাতীয় ঐক্যের সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত আইজেনকট তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুর বিরুদ্ধে এমন কঠোর মন্তব্য করেন। জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে দুই নেতার প্রতিনিধিদের মধ্যে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তিনি এ বক্তব্য দেন। খবর আলজাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট লেখেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরাইলি গণতন্ত্রের জন্য একটি বাস্তব, প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছে।’
এর আগে রোববার ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগটি সামনে আসে। প্রতিবেদনে বলা হয়, ২৭ অক্টোবরের নির্বাচনের আগের রাতে ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) দলের সদস্যদের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কার্যালয়ে অভিযোগ করেছিলেন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন।
প্রতিবেদন অনুযায়ী, নর্ডেন পুলিশ কর্মকর্তাদের কাছে একটি কথিত গোয়েন্দা সূত্রের তথ্য তুলে ধরেন। ওই সূত্রটি ছিলেন নেতানিয়াহুর দপ্তরের সাবেক একজন কর্মী। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ কর্মকর্তা কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই রা’আমের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোট কেনার উদ্দেশ্যে ঘুষ দেওয়ার সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এরপর নির্বাচনের দিনজুড়ে আরব দলগুলোর বিরুদ্ধে প্রচারণা চালান নেতানিয়াহু। আরব দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়ী হওয়ার পর তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পরবর্তী সময়ে কথিত গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্য ভিত্তিহীন প্রমাণিত হলে গ্রেপ্তার তিন ব্যক্তিকে ছেড়ে দেয় পুলিশ।
চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহে ভোটের দিন পাঁচ ফিলিস্তিনি-ইসরাইলি সংসদ সদস্যের ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি। এ বিষয়ে তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কাছে আবেদন করলেও তা প্রত্যাখ্যান করা হয়।
এ ঘটনায় অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন আইজেনকট। তিনি বলেন, ‘আমি অবিলম্বে এই ঘটনার তদন্তের আহ্বান জানাচ্ছি। প্রকাশিত তথ্যের বিষয়ে পুলিশ ও শিন বেতের কাছ থেকে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা পাওয়া প্রয়োজন।’
তবে আইজেনকটের বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘চরম উসকানি’ হিসেবে আখ্যা দিয়েছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) আইজেনকট অভিযোগ করেছিলেন, ক্ষমতায় টিকে থাকার স্বার্থে নির্বাচনের সময় ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারণায় উসকানি দিয়েছেন নেতানিয়াহু।
এদিকে শনিবার (১৪ নভেম্বর) জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য আইজেনকটের প্রতি আবারও আহ্বান জানান নেতানিয়াহু। তবে বিরোধীদলীয় নেতা ওই আহ্বান প্রত্যাখ্যান করে একে ‘ধোঁকাবাজি’ বলে অভিহিত করেন।



