যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি আরএএফ ল্যাকেনহিথের আকাশে সন্দেহজনক ড্রোনের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটার পরপরই সতর্ক অবস্থান নেয় মার্কিন বিমানবাহিনী এবং ঘাঁটির নিরাপত্তা জোরদার করা হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
মার্কিন বিমানবাহিনীর এক মুখপাত্র জানান, সন্ধ্যার দিকে ঘাঁটির আকাশে অনুমোদনহীন ড্রোনের চলাচল নজরে আসে। বিষয়টি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই নিরাপত্তাকর্মীরা প্রয়োজনীয় পদক্ষেপ নেন। তবে এ ঘটনায় ঘাঁটির কোনো সামরিক সদস্য, যুদ্ধবিমান কিংবা অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি। সেখানে অবস্থানরত সবার নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ড্রোনের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন নিরাপত্তাকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ড্রোনটি কোথা থেকে এসেছে এবং এর পেছনে কারা জড়িত, তা অনুসন্ধান করা হচ্ছে।
এ ঘটনার মধ্যেই যুক্তরাজ্যের সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাজ্য থেকে নিজেদের বোমারু বিমান ও বড় আকারের জ্বালানি সরবরাহকারী বিমান সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তাঝুঁকি বিবেচনায় বিমানগুলো জার্মানিতে স্থানান্তর করা হয়েছিল।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর মধ্যরাতে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছাকাছি সাদা রঙের একটি ভ্যানে করে একদল লোকের উপস্থিতি ঘিরে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা হয়। তাঁদের একজন ইরানি গোয়েন্দাদের হয়ে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আটক ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর এক সদস্য ওই বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনা করেছিলেন বলেও জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।
গত অক্টোবরেই ব্রিটিশ গোয়েন্দা সংস্থার প্রধান সতর্ক করে বলেছিলেন, ইরান যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা চালাচ্ছে। তবে তেহরান বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে ড্রোন ঘিরে নিরাপত্তা উদ্বেগ শুধু যুক্তরাজ্যেই সীমাবদ্ধ নেই, ইউরোপের অন্যান্য দেশেও পরিস্থিতি নিয়ে উত্তেজনা বাড়ছে। গত আগস্টে জার্মানির একটি বিমানবন্দরে বিস্ফোরক বহনকারী ড্রোন পাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছে জার্মান সরকার।
সূত্র: রয়টার্স



