tanaka
প্রচ্ছদজাতীয়‘সন্ত্রাস-ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরানোর চেষ্টা সফল হবে না’

‘সন্ত্রাস-ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরানোর চেষ্টা সফল হবে না’

দেশের মানুষ কোনো অবস্থাতেই পতিত ফ্যাসিস্টদের আর জায়গা দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বোমা হামলা ও সন্ত্রাসের মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করে লাভ হবে না।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যারা বোমা সন্ত্রাস ও নানা ধরনের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে রাজপথে ফুলের পাপড়ি বিছিয়ে বরণ করে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছেন, তারা হয়তো এ দেশের সাধারণ মানুষের মনোভাব বুঝতে পারছেন না। দেশের সচেতন নাগরিক সমাজ কখনোই কথিত ওই ফ্যাসিস্টদের জায়গা দেবে না।

এ সময় সাংবাদিকদের অন্যায়, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। এসব অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের কলম আরও জোরালো ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী।

তিনি বলেন, নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেও বাংলাদেশ অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। দেশের এই অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হবে না। গত নয় মাসে সরকারের অর্জন ও সাফল্যের দিকগুলো সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে গণমাধ্যমে তুলে ধরতেও সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বর্তমান সরকার বিচারবহির্ভূত হত্যা কিংবা গুমের পথ বেছে নেয়নি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, রাতারাতি জাদুকরি উপায়ে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে সঠিক তথ্যের ভিত্তিতে সুশৃঙ্খলভাবে দেশকে এগিয়ে নিতে সরকার যেকোনো মূল্য দিতে প্রস্তুত।

সব বাধা-বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আইনমন্ত্রী।