ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নিরাপত্তায় নিয়োজিত প্রেসিডেন্টস বডিগার্ডের এক সেনাসদস্য গুলিবিদ্ধ হয়েছেন। দীপাবলির রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে উত্তর প্রদেশের বাগপত জেলায় এ ঘটনা ঘটে। আহত সেনাসদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আহত সেনাসদস্যের নাম সৌরভ তোমর। তার মাথায় গুলি লেগেছে। বর্তমানে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে এনডিটিভি জানায়, দীপাবলির রাতে বাড়ির বাইরে দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি ফোটাচ্ছিলেন সৌরভ। এ সময় গ্রামের বাসিন্দা ধীরাজ ও তার ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে বাগবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, এ সময় ধীরাজ একটি দেশীয় পিস্তল বের করে গুলি ছোড়েন। গুলিটি প্রথমে দেয়ালে আঘাত করে পরে সৌরভের কানের পেছনে মাথায় লাগে। একই সময়ে ধীরাজের ভাই লাঠি দিয়ে বিনীতের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। পাল্টা সংঘর্ষে মিন্টুও লাঠি দিয়ে মনু ওরফে প্রবীণকে আঘাত করেন। পরে দুই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্টস বডিগার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে পুরোনো ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট। দীপাবলি উদ্যাপনের জন্য ছুটি নিয়ে নিজ গ্রামে গিয়েছিলেন তিনি।
গুলিবিদ্ধ হওয়ার পর পরিবারের সদস্যরা সৌরভকে প্রথমে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য মিরাটের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকেরা তার মাথা থেকে গুলি বের করেন। তবে আইসিইউতে চিকিৎসাধীন এই সেনাসদস্যের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন।
এ ঘটনায় সৌরভের বাবা জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরাজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পলাতক দুই অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।



