tanaka
প্রচ্ছদআদালতআপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া: চিফ প্রসিকিউটর

আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল না করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর দণ্ড কার্যকরের আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, দণ্ডিত ও পলাতক আসামি হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ারও কোনো আইনগত সুযোগ নেই।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে দণ্ডিত হলে এবং তাঁর সাজা কমপক্ষে দুই বছর হলে তাঁকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। এ ধরনের অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের পর্যায়ভুক্ত। এ কারণে তাঁর পাসপোর্ট বাতিল করা হয়েছে। পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের এ, বি, সি ও ই উপধারা একসঙ্গে বিবেচনায় নিলে একজন দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার কোনো এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই।

সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের বাংলাদেশে প্রবেশ ও দেশত্যাগের অধিকারের কথা উল্লেখ থাকলেও বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকা ব্যক্তির ক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার অধিকার প্রযোজ্য নয় বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, শেখ হাসিনা নিজের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম এড়িয়ে গেছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ বিষয়ে অন্যান্য আইনগত পদক্ষেপও নেওয়া হয়েছে। এমনকি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আমিনুল ইসলাম আরও বলেন, পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের ই উপধারা অনুযায়ী, কোনো ব্যক্তি নিজের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম এড়িয়ে গেলে কিংবা পলাতক থাকলে তাঁকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। সে বিবেচনায় শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার কোনো আইনগত অধিকার নেই।

শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বারের ভারতীয় দূতাবাসে পাসপোর্টের আবেদন করার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, পাসপোর্টের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকেই আবেদন করতে হয়। শেখ হাসিনা নিজে কিংবা তাঁর দলের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। আবেদন করেছে লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বার।

ভারতে অবস্থানরত একজন ব্যক্তির পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী চেম্বার কীভাবে আবেদন করছে, তা নিয়েও প্রশ্ন তোলেন আমিনুল ইসলাম। তাঁর ভাষ্য, এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কী ধরনের আইনি চুক্তি হয়েছে, তা স্পষ্ট নয়। এমন কোনো চুক্তি থাকলে তার অনুলিপিও প্রকাশ করা হয়নি। ক্লায়েন্টের সঙ্গে চুক্তি ছাড়া ওই আইনজীবী চেম্বার কীভাবে তাঁর পক্ষে পাসপোর্টের আবেদন করতে পারে, সে প্রশ্নও রয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩ স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সরকার প্রণয়ন করে। এই আইনের বিধান অনুযায়ী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই। একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারপ্রক্রিয়ার সঙ্গে রাষ্ট্রের এক ধরনের বিশ্বাসঘাতকতার শামিল হবে।