সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা দেখছে না সরকার। তিনি নিজেই দেশে ফিরতে চাইলে তাকে ফেরানোর প্রক্রিয়ায় আইনি বাধা থাকার কথা নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইনি জটিলতার কথা বলা হলেও বাংলাদেশের দৃষ্টিতে এ মুহূর্তে তেমন কোনো বাধা নেই বলে জানান জাহেদ উর রহমান। তিনি বলেন, ভারতীয় পক্ষ বিভিন্ন সময়ে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আইনি বিষয় থাকার কথা জানিয়েছে। তবে শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চাইলে তাকে ফেরানোর ক্ষেত্রে সেই আইনি জটিলতা প্রযোজ্য হওয়ার কথা নয়।
উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ হত্যাকাণ্ডের অভিযোগ নয়, বরং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ও দণ্ডের বিষয় রয়েছে। একশ বা পাঁচশ মানুষ হত্যার অপরাধের সঙ্গে মানবতাবিরোধী অপরাধের পার্থক্য রয়েছে। এ দুই ধরনের অপরাধের ব্যবধান জনগণ বুঝবেন বলে তিনি আশা করেন।
প্রত্যর্পণ প্রক্রিয়ায় আদালতের সংশ্লিষ্টতা নিয়ে তিনি বলেন, আইনি প্রশ্ন থাকলে প্রত্যর্পণের বিষয়টি আদালতে গড়াতে পারে এবং সে অনুযায়ী প্রক্রিয়া এগোতে পারে। কিন্তু শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চাইলে তাকে ফেরানোর ক্ষেত্রে আলাদা আইনি জটিলতা দেখছেন না তিনি।
জাহেদ উর রহমান বলেন, ‘উনি তো নিজেই আসতে চান। তার মানে ওনার তো কোর্টে যাওয়ার দরকার নেই। উনি বললেন, আমাকে এক্সট্রাডাইট করে দাও। ওনার তো এসেই এটা ফেস করার কথা ছিল। সো, এক্সট্রাডিশন নিয়ে যে আইনি প্রসেসের কথা বলা হয়েছে, যে আইনি জটিলতার কথা বলা হয়েছে, আমি অন্তত সেটা দেখি না।’
সংবিধানের ৪৭ অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে কিছু মৌলিক অধিকার কার্যকর না থাকার বিধান রয়েছে। এ বিষয়ে সংবিধানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তার ভাষ্য, সরকার মনে করে, দণ্ডিত আসামিকে প্রত্যর্পণ করা বাংলাদেশের অধিকার। ভারত সরকারেরও এ মুহূর্তে তাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা থাকার কথা নয়। কারণ, যাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হচ্ছে, তিনিই দেশে ফিরতে আগ্রহী।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে জাহেদ উর রহমান বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। কোনো অপরাধী অন্য দেশে পালিয়ে গেলে এবং তার অবস্থান শনাক্ত করা সম্ভব হলে ওই চুক্তির আওতায় তাকে গ্রেফতার করে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো যায়।
শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ একাধিকবার আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান ও প্রত্যর্পণের অনুরোধ আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলে জানানো হয়েছে। এখন চুক্তি অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনাধীন।
তবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে শুধু প্রত্যর্পণের ফলাফল নয়, আইনি ও কূটনৈতিক প্রক্রিয়াকেও গুরুত্ব দিচ্ছে সরকার। জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের একজন দণ্ডিত আসামি কারাগারে থাকার কথা থাকলেও তিনি দেশের বাইরে অবস্থান করছেন। তাকে আইনের আওতায় আনতে রাষ্ট্র যে প্রক্রিয়া অনুসরণ করার কথা, সরকার সেই প্রক্রিয়াতেই তাকে ফেরত পেতে চায়।
শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার আগেই বিষয়টি স্পষ্ট করেছেন। একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি।
তিনি বলেন, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে একটি চিঠি পাওয়া গেছে। কিন্তু শেখ হাসিনা নিজে পাসপোর্টের জন্য আবেদন না করায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই। এ বিষয়ে সরকারের অবস্থান আগেই জানানো হয়েছে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, সংক্ষিপ্ত রায় প্রকাশ করা হয়েছে। বিস্তারিত রায়ও প্রকাশ করা যেতে পারে। তবে সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেননি তিনি।
কূটনৈতিক পাড়ায় বিভিন্ন বৈঠক ও তৎপরতা নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। ফলে এ নিয়ে প্রতিক্রিয়া জানানোরও কিছু নেই।
শেখ হাসিনা ও তার দলের পক্ষ থেকে সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা হতে পারে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, তারা এ ধরনের চেষ্টা করতে পারেন। তবে সরকার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে না।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের মূল লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। একই সঙ্গে তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে যথাযথ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।



