tanaka
প্রচ্ছদলাইফস্টাইলখাবারের লবণে সামান্য পরিবর্তনেই বছরে বাঁচতে পারে প্রায় ৩০ লাখ প্রাণ

খাবারের লবণে সামান্য পরিবর্তনেই বছরে বাঁচতে পারে প্রায় ৩০ লাখ প্রাণ

প্রতিদিনের খাবারে ব্যবহৃত সাধারণ লবণের পরিবর্তে পটাশিয়ামসমৃদ্ধ লবণ চালু করা গেলে বিশ্বজুড়ে বছরে প্রায় ৩০ লাখ মানুষের মৃত্যু ঠেকানো সম্ভব হতে পারে। একই সঙ্গে হৃদরোগ ও কিডনি রোগে নতুন করে আক্রান্ত হওয়ার ঝুঁকিও উল্লেখযোগ্য হারে কমতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় এমন সম্ভাবনার কথা উঠে এসেছে।

বিজ্ঞান সাময়িকী নেচার হেলথ-এ প্রকাশিত গবেষণাটি পরিচালনা করেছে অস্ট্রেলিয়ার দ্য জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ। এতে ১৯৩টি দেশের তথ্য বিশ্লেষণ করে বাড়ির রান্না, প্রক্রিয়াজাত খাবার ও রেস্তোরাঁর খাবারে সাধারণ লবণের বদলে পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহারের সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাব মূল্যায়ন করা হয়েছে। গবেষকদের এই হিসাব কোনো বাস্তব প্রয়োগের চূড়ান্ত ফল নয়; বরং বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতির ভিত্তিতে তৈরি গাণিতিক মডেল।

পটাশিয়ামসমৃদ্ধ লবণ কীভাবে কাজ করে?

সাধারণ খাবার লবণের প্রধান উপাদান সোডিয়াম ক্লোরাইড। পটাশিয়ামসমৃদ্ধ লবণে এর একটি অংশের পরিবর্তে পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। এতে খাবারে সোডিয়ামের পরিমাণ কমে এবং পটাশিয়ামের পরিমাণ বাড়ে।

মানবদেহের স্বাভাবিক কার্যক্রমের জন্য সোডিয়াম ও পটাশিয়াম—দুটিই প্রয়োজন। তবে এই দুই খনিজের ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। অতিরিক্ত সোডিয়াম গ্রহণ এবং পটাশিয়ামের ঘাটতি উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে। আর উচ্চ রক্তচাপ হৃদরোগ ও কিডনি রোগের অন্যতম প্রধান ঝুঁকির কারণ।

গবেষণাটির প্রধান লেখক ও দ্য জর্জ ইনস্টিটিউটের পুষ্টিনীতি গবেষক ডা. লি পিং (পলি) হুয়াং বলেন, বর্তমানে মানুষের খাদ্যতালিকায় সোডিয়ামের পরিমাণ প্রয়োজনের তুলনায় বেশি, বিপরীতে পটাশিয়াম গ্রহণের পরিমাণ কম। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য বিশেষজ্ঞরা লবণ কম খাওয়ার পরামর্শ দিয়ে আসছেন। কিন্তু অভ্যাস পরিবর্তন করা অনেকের জন্য কঠিন। এ ক্ষেত্রে পটাশিয়ামসমৃদ্ধ লবণ বিকল্প হতে পারে। কারণ, খাবারের স্বাদে বড় ধরনের পরিবর্তন না এনেও এটি সোডিয়াম গ্রহণ কমাতে সহায়তা করে।

স্বাদে কি সাধারণ লবণের চেয়ে আলাদা?

পটাশিয়ামসমৃদ্ধ লবণের একটি সুবিধা হলো, এর স্বাদ সাধারণ লবণের কাছাকাছি থাকে। ফলে দৈনন্দিন রান্নায় এটি ব্যবহার করা তুলনামূলক সহজ হতে পারে।

ডা. হুয়াং জানান, বিভিন্ন ক্লিনিক্যাল পরীক্ষায় রক্তচাপ নিয়ন্ত্রণে এই লবণের কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। উদাহরণ হিসেবে তিনি ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত চীনে পরিচালিত ‘সল্ট সাবস্টিটিউট অ্যান্ড স্ট্রোক স্টাডি’র কথা উল্লেখ করেন।

ওই গবেষণায় দেখা যায়, সাধারণ লবণের পরিবর্তে পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহারকারীদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি ১৪ শতাংশ, বড় ধরনের হৃদরোগের ঝুঁকি ১৩ শতাংশ এবং যেকোনো কারণে মৃত্যুর ঝুঁকি ১২ শতাংশ কম ছিল।

দাম সাধারণ লবণের তুলনায় কিছুটা বেশি হলেও দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি কমানোর ক্ষেত্রে এটি তুলনামূলক সাশ্রয়ী পদক্ষেপ হতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

কোথায় ব্যবহার করলে কত মানুষের উপকার হতে পারে?

গবেষকেরা বাড়ি ও বাণিজ্যিক খাবার—দুই ক্ষেত্রেই পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহারের সম্ভাব্য প্রভাব হিসাব করেছেন। তাঁদের মডেল অনুযায়ী—

  • বাড়ির রান্নায়: সাধারণ লবণের পরিবর্তে পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহার করা হলে বছরে প্রায় ৬১ লাখ ৯০ হাজার নতুন হৃদরোগ ও কিডনি রোগের ঘটনা প্রতিরোধ করা এবং ১৮ লাখ ৫০ হাজার মানুষের মৃত্যু ঠেকানো সম্ভব হতে পারে।

  • রেস্তোরাঁ ও বাণিজ্যিক খাবারে: এ ধরনের লবণ ব্যবহার করা হলে বছরে প্রায় ৫৪ লাখ ৬০ হাজার নতুন রোগের ঘটনা এবং ১৫ লাখ ৬০ হাজার মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হতে পারে।

  • বাড়ি ও বাইরে উভয় ক্ষেত্রে: দুই জায়গাতেই ব্যাপকভাবে এই লবণ ব্যবহার করা গেলে বছরে প্রায় ১ কোটি ১৭ লাখ নতুন রোগের ঘটনা এবং ২৯ লাখ ৬০ হাজার মৃত্যু এড়ানো সম্ভব হতে পারে।

উচ্চ রক্তচাপে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সম্ভাব্য সুফল আরও গুরুত্বপূর্ণ। গবেষকদের হিসাব অনুযায়ী, এই জনগোষ্ঠীর মধ্যে পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহারের ফলে বছরে প্রায় ১৭ লাখ ২০ হাজার নতুন হৃদরোগ ও কিডনি রোগের ঘটনা এবং ৫ লাখের বেশি মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হতে পারে।

কারা এই লবণ ব্যবহারে বেশি উপকৃত হতে পারেন?

যাঁদের উচ্চ রক্তচাপ রয়েছে কিংবা খাবারে অতিরিক্ত লবণ গ্রহণের অভ্যাস আছে, তাঁরা পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহারে উপকার পেতে পারেন।

গবেষণায় যুক্ত ছিলেন না—এমন যুক্তরাষ্ট্রের হৃদ্‌স্বাস্থ্য বিশেষজ্ঞ ও ডায়েটিশিয়ান মিশেল রাউথেনস্টাইন জানান, যাঁদের কিডনি সুস্থ এবং যাঁদের খাদ্যতালিকায় সোডিয়াম বেশি কিন্তু পটাশিয়াম কম, তাঁদের জন্য এ ধরনের লবণ উপযোগী হতে পারে। তবে শুধু রান্নার লবণ পরিবর্তন করলেই হবে না; প্রক্রিয়াজাত ও রেস্তোরাঁর খাবার থেকে অতিরিক্ত সোডিয়াম গ্রহণ কমানোও জরুরি।

যাঁদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে

পটাশিয়ামসমৃদ্ধ লবণ সবার জন্য নিরাপদ নয়। বিশেষ করে কিডনির কার্যক্ষমতা কমে গেলে এই লবণ ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন।

সুস্থ কিডনি রক্তের অতিরিক্ত পটাশিয়াম ছেঁকে শরীর থেকে বের করে দেয়। কিন্তু কিডনি ঠিকভাবে কাজ না করলে রক্তে পটাশিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে। এর ফলে হৃদস্পন্দনে গুরুতর অস্বাভাবিকতা দেখা দেওয়ার আশঙ্কা থাকে।

এ ছাড়া কিছু ওষুধের সঙ্গে পটাশিয়ামসমৃদ্ধ লবণ গ্রহণ করলে রক্তে পটাশিয়ামের মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে। এ ধরনের অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানে ‘হাইপারক্যালাইমিয়া’ বলা হয়।

বিশেষজ্ঞরা যেসব ওষুধ গ্রহণকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, সেগুলোর মধ্যে রয়েছে—

  • লিসিনোপ্রিল (Lisinopril)

  • লসার্টান (Losartan)

  • স্পাইরোনোল্যাকটন (Spironolactone)

  • এন্ট্রেস্টো (Entresto)

তাই কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি কিংবা এসব ওষুধ সেবনকারীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া সাধারণ লবণের পরিবর্তে পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহার করা উচিত নয়।

এই লবণ ব্যবহার করলেই কি বেশি খাওয়া যাবে?

পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহার করলেও মোট লবণ গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ, এই লবণেও সোডিয়াম থাকে। তা ছাড়া শুধু রান্নার লবণ নয়, প্রক্রিয়াজাত খাবার, ফাস্টফুড, রেস্তোরাঁর খাবার ও বিভিন্ন সস থেকেও শরীরে উল্লেখযোগ্য পরিমাণ সোডিয়াম প্রবেশ করে।

বিশেষজ্ঞরা পটাশিয়ামসমৃদ্ধ লবণের পাশাপাশি প্রাকৃতিকভাবে পটাশিয়াম পাওয়া যায় এমন খাবার খাদ্যতালিকায় রাখার পরামর্শ দিয়েছেন। এসব খাবারের মধ্যে রয়েছে শিম ও বরবটি, খরমুজ, এদামামে এবং কিউই।

সব মিলিয়ে, খাবারে লবণের ধরন পরিবর্তন উচ্চ রক্তচাপ ও সংশ্লিষ্ট রোগের ঝুঁকি কমানোর একটি সম্ভাবনাময় উপায় হতে পারে। তবে কিডনির সমস্যা বা নির্দিষ্ট ওষুধ সেবনের বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যক্তিভেদে এর ব্যবহার নির্ধারণ করা জরুরি।

সূত্র: সামা টিভি