tanaka
প্রচ্ছদঅন্যান্য৮১ বছর বয়সে বুকার জয়, সবচেয়ে প্রবীণ বিজয়ী হয়ে ইতিহাস গড়লেন এম...

৮১ বছর বয়সে বুকার জয়, সবচেয়ে প্রবীণ বিজয়ী হয়ে ইতিহাস গড়লেন এম জন হ্যারিসন

সাহিত্যের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন। ৮১ বছর বয়সে এই পুরস্কার অর্জনের মধ্য দিয়ে বুকারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বিজয়ী হওয়ার রেকর্ড গড়েছেন তিনি। সোমবার (৯ নভেম্বর) ঘোষিত এবারের পুরস্কারটি তার সাহিত্যজীবনের প্রথম বুকার স্বীকৃতি। প্রথমবার মনোনয়ন পেয়েই পুরস্কার জিতে চমক দেখিয়েছেন এই লেখক।

ডিস্টোপিয়ান বা বিপর্যয়-পরবর্তী ভবিষ্যৎকে কেন্দ্র করে লেখা তার উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’ (The End of Everything)-এর জন্য তাকে এ সম্মান দেওয়া হয়েছে।

লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত জমকালো অনুষ্ঠানে হ্যারিসনের হাতে ৫০ হাজার পাউন্ডের পুরস্কারের চেক তুলে দেওয়া হয়। মার্কিন মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৭ হাজার ২৩২ ডলার। গত বছরের বিজয়ী ডেভিড সালে তার হাতে পুরস্কার তুলে দেন।

হ্যারিসনের লেখা ১৩তম উপন্যাসটির পটভূমি ইংল্যান্ডের কেন্ট উপকূল। রহস্যময় এক বিপর্যয়ের পর সেখানে ‘আই-ঘেত্তি’ নামের রূপ পরিবর্তনকারী প্রাণীর আবির্ভাব ঘটে। এমন পরিস্থিতিতে এক বিচকম্বার বা সৈকতে বিভিন্ন জিনিস সংগ্রহকারী ব্যক্তি এবং তার বয়স্কা ফুফুর টিকে থাকার সংগ্রামকে ঘিরেই এগিয়েছে উপন্যাসের কাহিনি।

মাত্র ১৯২ পৃষ্ঠার বইটি এবারের বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় থাকা ছয়টি উপন্যাসের মধ্যে সবচেয়ে ছোট ছিল।

ইতিহাসবিদ ও প্রবীণ টেলিভিশন উপস্থাপক মেরি বিয়ার্ডের নেতৃত্বাধীন বিচারক প্যানেল মোট ১৬৩টি বই পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে হ্যারিসনের উপন্যাসটিকে বিজয়ী নির্বাচন করে।

বইটির প্রশংসা করে বিচারক প্যানেলের প্রধান মেরি বিয়ার্ড বলেন, এটি ‘ভবিষ্যতের লেন্স দিয়ে দেখা বর্তমানের রাজনীতি’। তার মতে, উপন্যাসটিতে ডার্ক কমেডি, রাজনৈতিক ব্যঙ্গ এবং আশাবাদের চমৎকার সমন্বয় ঘটিয়েছেন লেখক।

বুকার প্রাইজ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, প্রায় ছয় দশক ধরে সাহিত্যচর্চায় যুক্ত হ্যারিসনই প্রথম লেখক, যার লেখালেখির প্রধান ক্ষেত্র বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনি বা সায়েন্স ফিকশন।

এর আগে সবচেয়ে বেশি বয়সে বুকার জয়ের রেকর্ড ছিল কানাডার লেখক মার্গারেট অটউডের দখলে। ২০১৯ সালে ৭৯ বছর বয়সে যৌথভাবে পুরস্কারটি জিতে তিনি রেকর্ড গড়েছিলেন। এবার ৮১ বছর বয়সে জয়ী হয়ে সেই রেকর্ড ভেঙে দিলেন হ্যারিসন।

এবারের বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় মার্গারেট অটউডের পাশাপাশি আগের বিজয়ী মারলন জেমস ও ডগলাস স্টুয়ার্টের নামও ছিল। তালিকায় আরও ছিলেন এলিজাবেথ স্ট্রাউট, লুক কেনার্ড এবং রেবেকা পেরি।

এদিকে, স্বাধীন প্রকাশনা সংস্থা ‘সারপেন্টস টেইল’-এর জন্যও এবারের জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রতিষ্ঠানটির ইতিহাসে এটিই প্রথম বুকার পুরস্কার অর্জন।

উল্লেখ্য, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত বুকার পুরস্কার যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত ইংরেজি ভাষার সেরা কথাসাহিত্যকে স্বীকৃতি দিয়ে থাকে। বিশ্বের যেকোনো দেশের লেখক এই পুরস্কারের জন্য যোগ্য বিবেচিত হতে পারেন।