tanaka
প্রচ্ছদসারাদেশদুই বছর পর ইন্টার্নশিপে যোগ দিতে গিয়ে রামেকে অবরুদ্ধ ছাত্রলীগের দুই নেতা,...

দুই বছর পর ইন্টার্নশিপে যোগ দিতে গিয়ে রামেকে অবরুদ্ধ ছাত্রলীগের দুই নেতা, মারধর

দুই বছর আগে স্থগিত হওয়া ইন্টার্নশিপ পুনরায় শুরু করতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গিয়ে বিপাকে পড়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে তাদের অবরুদ্ধ করে রাখেন ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় তাদের মারধর ও লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে শুভ ও নাহিদকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে আটকে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা, গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশের বিশেষায়িত ইউনিট ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) এবং এসআরবির সদস্যরা।

দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালকের কক্ষ থেকে তাদের বের করে আনা হয়। এ সময় রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীম ও ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিনসহ দুই সংগঠনের নেতাকর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শুভ ও নাহিদকে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের ফটকে একটি মাইক্রোবাস রাখা হয়েছিল। তাদের গাড়িতে তোলার সময় নেতাকর্মীরা লক্ষ্য করে ডিম ছুড়তে থাকেন। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। শুভকে মাইক্রোবাসে তুলতে পারলেও ধস্তাধস্তির মধ্যে নাহিদ মাটিতে পড়ে যান। তখন তাকে কিল-ঘুষি ও লাথি মারেন উপস্থিত নেতাকর্মীরা। পরে সিআরটি সদস্যরা তাকে উদ্ধার করে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে যান।

জানা গেছে, শুভ রামেকের ৫৯তম এবং নাহিদ ৬০তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থী। পঞ্চম বর্ষের পড়াশোনা শেষ করে তারা হাসপাতালে ইন্টার্নশিপও শুরু করেছিলেন। তবে ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং আন্দোলনের বিরোধিতা করার অভিযোগে ৬ নভেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করে।

সম্প্রতি ওই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ায় পুনরায় ইন্টার্নশিপ শুরু করার উদ্যোগ নেন তারা। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার হাসপাতালে যান দুই শিক্ষার্থী।

হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান করা কয়েকজন শিক্ষার্থী জানান, শুভ ও নাহিদ কয়েক দিন ধরে হাসপাতালের উপপরিচালক হাসানুল হাসিবের দপ্তরে যাতায়াত করছিলেন। মঙ্গলবার তিনি তাদের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-উল-ইসলামের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেন।

এ উদ্দেশ্যে দুই শিক্ষার্থী পরিচালকের কার্যালয়ের পাশের একটি অপেক্ষাকক্ষে বসেছিলেন। এর কিছুক্ষণ পর ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের মারধর শুরু করেন। পরে তাদের পরিচালকের কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন।

এ বিষয়ে রামেক ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন বলেন, ‘স্বৈরাচার হাসিনা ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। এই অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কীভাবে হাসপাতালে প্রবেশ করলেন, সেটির তদন্ত প্রয়োজন। যারা তাদের হাসপাতালে এনেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, ইন্টার্নশিপ স্থগিতের নির্ধারিত সময় শেষ হওয়ার পর পুনরায় কাজ শুরু করতে হলে নিয়ম অনুযায়ী আবেদন করতে হয়। অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন পাওয়ার পরই ইন্টার্নশিপে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু শুভ ও নাহিদ কোনো আবেদন না করেই পরিচালকের সঙ্গে দেখা করতে হাসপাতালে এসেছিলেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপকমিশনার (ডিসি) গাজিউর রহমান বলেন, শুভ ও নাহিদের বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে বিভিন্ন অভিযোগ ছিল। হাসপাতাল থেকে তাদের আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।