ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হল সংসদের নবনির্বাচিত সহসভাপতির (ভিপি) জরিমানা করার ঘটনাকে প্রশ্নবিদ্ধ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘৭ নভেম্বর প্রজন্ম’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ বিষয়ে বক্তব্য দেন।
গত ১২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে এক দোকান থেকে টেস্টিং সল্ট (এমএসজি) পাওয়ায় ভিপি আজিজুল হক দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করেন এবং লিখিত চুক্তি নেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এ ঘটনায় আপত্তি জানিয়ে বলেন, ছাত্রনেতাদের জরিমানা করার এখতিয়ার নেই।
রিজভী বলেন, “একজন ভিপি জরিমানা করলেন, কিন্তু তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? প্রশাসন যেখানে ব্যবস্থা নিতে পারে, সেখানে ছাত্রনেতা শুধু অভিযোগ করতে পারেন। কিন্তু জরিমানা করে সেই টাকা জামায়াতের বায়তুল মালে দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের হলে দলের পক্ষ থেকে লোহার খাট দেওয়া হচ্ছে। এটা কোনো ছাত্র সংগঠন বা ডাকসুর দায়িত্ব নয়। ছাত্রদের সমস্যা থাকলে প্রশাসনের কাছে দাবি তোলা যায়। কিন্তু এসব কার্যক্রম রাষ্ট্রের বিরুদ্ধে কাজের শামিল।”



