tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদবাণিজ্যরমজানে নিত্যপণ্যের আমদানি সহজ করতে এলসি মার্জিন শিথিল

রমজানে নিত্যপণ্যের আমদানি সহজ করতে এলসি মার্জিন শিথিল

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত পণ্য আমদানিতে এলসি খোলার সময় নগদ মার্জিনের হার ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করতে পারবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো।

রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় বেড়ে যায়। এ সময় বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং দাম সহনীয় রাখতে আমদানি কার্যক্রম সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, বিভিন্ন ধরনের মসলা এবং খেজুর আমদানির ক্ষেত্রে এলসি খোলার নগদ মার্জিন ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো।

একই সঙ্গে অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানিকারকদের এলসি খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। অবিলম্বে কার্যকর হওয়া এ নির্দেশনা আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে।