রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে পল্লবী থানার ভেতরেও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পৃথক স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সিআইডির প্রধান কার্যালয়ে বিস্ফোরণের বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ৭টার দিকে মালিবাগ মোড়সংলগ্ন উড়ালসড়ক থেকে সিআইডি কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। নিক্ষেপ করা ককটেলগুলোর মধ্যে একটি কার্যালয়ের ভেতরে বিস্ফোরিত হয়।
ওসি জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি।



