পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে গিয়ে মোটরচালিত ভ্যান উলটে নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটার মিশ্রীপাড়া বৌদ্ধবিহার দেখতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিলা নুসরাত রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে কর্মরত ছিলেন। তার স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
ডা. মাইনুল ইসলাম শুভর ভাষ্য অনুযায়ী, শুক্রবার তারা ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে যান। সেখানে ওশান ভিউ হোটেলে রাতযাপন করেন। পরদিন শনিবার বিকেলে একটি মোটরচালিত ভ্যানে করে মিশ্রীপাড়া বৌদ্ধবিহারের উদ্দেশে রওনা হন তারা।
পথে একটি বিড়াল ভ্যানের চাকার নিচে পড়লে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভ্যানটি উলটে যায়। এ সময় ভ্যানে থাকা ওই দম্পতিসহ আরও দুই পর্যটক ছিটকে পড়ে আহত হন।
ডা. মাইনুল জানান, দুর্ঘটনায় তার স্ত্রীর মাথা ভ্যানের নিচে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নাবিলা নুসরাত ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।
কলাপাড়া থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) ইলিয়াস তালুকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। নিহতের সঙ্গে থাকা ব্যক্তি নিজেকে তার স্বামী বলে পরিচয় দিয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



