-
চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইউরোপের বিভিন্ন দেশের একাধিক যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) অন্তত ১০টি ফ্লাইটে এ ধরনের হুমকি পাওয়ার খবর জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে কয়েকটি উড়োজাহাজের গতিপথও পরিবর্তন করা হয়।
চেক প্রজাতন্ত্রের পুলিশ জানিয়েছে, বোমা থাকার হুমকি পাওয়ার পর চারটি উড়োজাহাজে তল্লাশি চালানো হয়েছে। তবে কোনো বিমানেই বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
অন্যদিকে, নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে ইতালির বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাহারায় একটি যাত্রীবাহী উড়োজাহাজকে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করানো হয়। একই ধরনের হুমকির কারণে ওয়ারশ থেকে ব্রাসেলসগামী একটি ফ্লাইটও নিরাপদে অবতরণ করে। পরবর্তী তল্লাশিতে উড়োজাহাজ দুটিতেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে জানা গেছে, ডাবলিন থেকে রোমগামী একটি ফ্লাইটকেও সম্ভাব্য বোমা হামলার হুমকির বিষয়ে সতর্ক করেছিল বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
এর আগে মঙ্গলবার ইউরোপের অন্তত সাতটি ফ্লাইটে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল। তবে সেসব উড়োজাহাজেও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
পরপর কয়েক দিনের ব্যবধানে একাধিক ফ্লাইটে এমন হুমকির ঘটনায় ইউরোপের বিমান চলাচল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ইউরোপের বিভিন্ন দেশে একাধিক ফ্লাইটে বোমা হামলার হুমকি, পরিবর্তন করা হলো গতিপথ



