ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী রোববার (৮ নভেম্বর) রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হতে যাচ্ছে। অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করা এবং শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে নির্ধারিত এলাকায় অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ডিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকার মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা। এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকা এর অন্তর্ভুক্ত।
এ ছাড়া মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন ২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং এবং ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত এলাকায়ও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা ছাড়াও নির্ধারিত সীমানার মধ্যে থাকা সব সড়ক ও গলিপথ এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৮ নভেম্বর রাত ১২টা থেকে এ আদেশ কার্যকর হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।



