tanaka
প্রচ্ছদজাতীয়ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬৬ জন

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬৬ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯৩৬ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে মোট ৪৪৫ জনের মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে সর্বোচ্চ ৮৬৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন চারজন। এ নিয়ে ঢাকা বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৮৪ জনে এবং মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২১২।

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন দুজন। ফলে বিভাগটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৪৭ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮২ জনের।

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৭১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৫২ জন এবং মৃত্যুর সংখ্যা ২৯।

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮০ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে আটজনের।

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৭১২ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩০ জন।

অন্যদিকে, তুলনামূলক কম আক্রান্তের ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯১২ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের।