বাগেরহাটের ফকিরহাটে প্রতিবেশীর বসতবাড়িতে লাগা আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী মুসা শেখ (নাম) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বসতঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মৌভোগ গ্রামের লিয়াকত শেখের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
নিহত আলী মুসা শেখ একই গ্রামের মৃত আজিত শেখের ছেলে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে হঠাৎ লিয়াকত শেখের বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছুটে এসে তা নেভানোর চেষ্টা করেন। এ সময় প্রতিবেশী আলী মুসা শেখ আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সুকান্ত কুন্ডু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে বসতঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, জমি বিক্রির জন্য ঘরে রাখা নগদ টাকাসহ ছয় লক্ষাধিক টাকার সম্পদ আগুনে পুড়ে গেছে। তাদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
পল্লী বিদ্যুৎ ফকিরহাট জোনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আনন্দ কুমার কুন্ডু বলেন, মৌভোগে বসতবাড়িতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। তবে তাদের কাছে খবর পৌঁছানোর আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।
ফকিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজান মিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি। পরে বালতি দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, মৌভোগ গ্রামে প্রতিবেশীর বাড়ির আগুন নেভাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



