tanaka
প্রচ্ছদঅন্যান্য২০২৭ সালে ঈদুল ফিতর, ঈদুল আজহা ও দুর্গাপূজায় ছুটি কত দিন?

২০২৭ সালে ঈদুল ফিতর, ঈদুল আজহা ও দুর্গাপূজায় ছুটি কত দিন?

২০২৭ সালে সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাত দিন শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর ছুটি পাওয়া যাবে ২২ দিন।

মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বছরও চলতি বছরের মতো পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকবে।

সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। এর পাশাপাশি ঈদুল ফিতরের আগে দুই দিন ও পরে দুই দিনসহ নির্বাহী আদেশে মোট চার দিন ছুটি দেওয়া হবে। ফলে ঈদুল ফিতরে সব মিলিয়ে ছুটি হবে পাঁচ দিন।

অন্যদিকে ঈদুল আজহার আগে দুই দিন এবং পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ঈদের দিনের সাধারণ ছুটিসহ এ উপলক্ষে মোট ছয় দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

দুর্গাপূজার ছুটির বিষয়ে ওই কর্মকর্তা জানান, বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ফলে শারদীয় দুর্গাপূজায় মোট দুই দিন ছুটি পাওয়া যাবে।

২০২৭ সালে সরকারি ছুটির হিসাব

মন্ত্রিসভার অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি থাকবে ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটি ২৯ দিন।

তবে এর মধ্যে সাধারণ ছুটির চার দিন এবং নির্বাহী আদেশের ছুটির তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। ফলে কার্যকর সরকারি ছুটির সংখ্যা দাঁড়াবে ২২ দিন।

উল্লেখ্য, ২০২৬ সালের ছুটির তালিকার মতোই আগামী বছরের ছুটির তালিকায় ঈদুল ফিতর, ঈদুল আজহা ও দুর্গাপূজাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।