২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম শুরু হচ্ছে আগামী ৫ নভেম্বর। নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীরা অনলাইনে ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। আর পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।
আগামী ১ ডিসেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
কারা দিতে পারবেন সাপ্লিমেন্টারি পরীক্ষা?
বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত অথবা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
যেভাবে পূরণ করবেন পরীক্ষার ফরম
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষার ফরম পূরণ করতে হবে। প্রক্রিয়াটি হলো—
১. প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা দেখতে পারবে।
২. তালিকা থেকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর তথ্য যাচাই করতে হবে।
৩. নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা প্রিন্ট করতে হবে।
৪. প্রিন্ট করা তালিকায় পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের স্বাক্ষর নিতে হবে।
৫. এরপর ইলেকট্রনিক ফরম ফিলআপ (eFF) পদ্ধতিতে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে।
৬. নির্ধারিত সময়ের মধ্যে সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
ফরম পূরণের সময়সূচি
- অনলাইনে সম্ভাব্য তালিকা প্রদর্শন ও ফরম পূরণ: ৫ থেকে ৯ নভেম্বর ২০২৬।
- পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৬।
- সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু: ১ ডিসেম্বর ২০২৬।
পরীক্ষার ফি কত?
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে—
- তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়: ১২৫ টাকা।
- ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়: ২৫ টাকা।
- পরীক্ষা কেন্দ্র ফি: ৪৫০ টাকা।
যেভাবে জমা দিতে হবে পরীক্ষার ফি
পরীক্ষার যাবতীয় ফি বোর্ডের সচিবের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে।
তবে নগদ টাকা, পে-অর্ডার, পোস্টাল অর্ডার, মানি অর্ডার কিংবা ট্রেজারি চালানের মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই পরীক্ষার ফি ও প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করা হবে না। তাই সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের সময়সীমার মধ্যে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে ফরম পূরণ ও ফি জমার কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।



