tanaka
প্রচ্ছদসারাদেশগাজীপুরে এনসিপির গায়েবানা জানাজায় পুলিশের ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে এনসিপির গায়েবানা জানাজায় পুলিশের ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে পোশাকশ্রমিক তৌফিক হোসেনের মৃত্যুর ঘটনায় গায়েবানা জানাজা কর্মসূচি পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যুর প্রতিবাদে বুধবার দুপুর ১২টায় চান্দনা চৌরাস্তা এলাকায় গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাসের খান।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি সেখানে উপস্থিত হন। এ সময় গায়েবানা জানাজার ব্যানার নিয়ে প্রথমে বক্তব্য দেন এনসিপি ও জাতীয় শ্রমিক শক্তির কয়েকজন নেতা। তাদের বক্তব্য শেষে আলী নাসের খান বক্তব্য দেন। বক্তব্য শেষ করে তিনি গায়েবানা জানাজা না পড়েই মোনাজাত শুরু করেন।

এ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেন। পাশাপাশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

ঘটনার বিষয়ে আলী নাসের খান অভিযোগ করেন, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। তারা পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যুর বিচার এবং শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছিলেন।

তিনি আরও দাবি করেন, পুলিশের হামলায় জাতীয় শ্রমিক শক্তির সভাপতি এবং এনসিপির গাজীপুর জেলা কমিটির নেতাসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

তবে পুলিশের পক্ষ থেকে আহত হওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনর রশীদ জানান, এনসিপির নেতাকর্মীরা গাজীপুর চৌরাস্তার মূল সড়কে জানাজার আয়োজন করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশের কোনো মসজিদ, ঈদগাহ মাঠ কিংবা খেলার মাঠে জানাজা আয়োজনের অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তারা সেই অনুরোধ না মানায় যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাধ্য হয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

ওসি আরও দাবি করেন, এ ঘটনায় কেউ আহত হননি।