tanaka
প্রচ্ছদজাতীয়পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারির পর রোববার (১ নভেম্বর) তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার বিধান অনুযায়ী গার্মেন্টস শিল্প খাতের জন্য নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে।

পৃথক প্রজ্ঞাপনে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং ১৩৯ ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে গার্মেন্টস শিল্পের জন্য এ মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

এর আগে শনিবার সকালে সচিবালয়ে পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর লক্ষ্যে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করে আসছেন শ্রমিকরা। তাঁদের এই দাবির পরিপ্রেক্ষিতেই নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেয় সরকার।