tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনকরবা চৌথে সালমান-ঐশ্বরিয়ার পুরোনো ছবি পোস্ট, বানসালির উদ্দেশ্য নিয়ে জল্পনা

করবা চৌথে সালমান-ঐশ্বরিয়ার পুরোনো ছবি পোস্ট, বানসালির উদ্দেশ্য নিয়ে জল্পনা

বলিউডের একসময়ের আলোচিত জুটি সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের পুরোনো প্রেমের স্মৃতি নতুন করে সামনে এনেছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। করবা চৌথ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একগুচ্ছ পুরোনো ছবি প্রকাশ করেছে বানসালির প্রযোজনা সংস্থা। আর এতেই শুরু হয়েছে আলোচনা ও নানা জল্পনা। প্রশ্ন উঠেছে, সাবেক এই জুটির ছবি প্রকাশের পেছনে কি কোনো বিশেষ ইঙ্গিত রয়েছে, নাকি নিছকই স্মৃতিচারণ?

১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘হম দিল দে চুকে সনম’। সিনেমাটিতে জুটি বেঁধেছিলেন সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবির বেশ কয়েকটি দৃশ্য আজও দর্শকদের মনে জায়গা করে আছে। বিশেষ করে ‘চাঁদ ছুপা বাদল মে’ গানের দৃশ্য। করবা চৌথের আবহে ধারণ করা গানটির দৃশ্য আজও দর্শকদের নস্টালজিক করে তোলে।

করবা চৌথের দিন সেই সিনেমারই একাধিক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে বানসালির প্রযোজনা সংস্থা। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় নেটিজেনদের আলোচনা। সাবেক প্রেমিক-প্রেমিকাকে এক ফ্রেমে রেখে উৎসবের শুভেচ্ছা জানানোর কারণ কী—এমন প্রশ্ন তুলেছেন অনেকে। কারও কারও ধারণা, এর মাধ্যমে সালমানকে খোঁচা দিয়েছেন বানসালি। যদিও পরিচালকের এমন কোনো উদ্দেশ্য ছিল কি না, তা স্পষ্ট নয়।

পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য দেখা গেছে। এক নেটিজেন লিখেছেন, ‘বানসালি তো একেবারে বাজিমাত করেছেন, যা কেউ এতদিন পারেনি, তা তিনি করে দেখিয়েছেন।’ আরেকজন সালমানের পরিচিত মজার ভঙ্গিতে লিখেছেন, ‘বানসালি, ইটস ডান ব্রো!’ কেউ আবার মন্তব্য করেছেন, ‘এই ছবি দেখে ভাইজান খুশি হবেন, নাকি রেগে যাবেন—বুঝে আসে না।’

তবে পোস্টটি ভালোভাবে নেননি সালমান ও ঐশ্বরিয়ার কিছু ভক্ত। তাঁদের একজনের মন্তব্য, ‘পুরোনো কাসুন্দি ঘাঁটার কি খুব দরকার ছিল? এতে দুই তারকাকেই অসম্মান করা হচ্ছে। ওরা নিশ্চিত অস্বস্তিতে পড়বেন।’ আরেকজন লিখেছেন, ‘এটা কী ধরনের মশকরা? এর মধ্যে কোনো মেধা নেই।’ অবশ্য অনেক ভক্ত পুরোনো ছবিগুলো দেখে স্মৃতিকাতরও হয়েছেন।

উল্লেখ্য, ‘হম দিল দে চুকে সনম’ সিনেমার শুটিং চলাকালে ১৯৯৯ সালে সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল বলে জানা যায়। কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। সেই বিচ্ছেদ সে সময় বলিউডে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

এরপর দুজনের জীবন ভিন্ন পথে এগিয়েছে। সালমান খান এখনো বিয়ে করেননি। অন্যদিকে ২০০৭ সালে অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া। তাঁদের এক কন্যাসন্তান রয়েছে।