বলিউড অভিনেত্রী অর্চনা পুরান সিং ও অভিনেতা পারমিত শেঠির ছোট ছেলে আয়ুষ্মান শেঠি দীর্ঘদিনের প্রেমিকা সমীক্ষা শেঠির সঙ্গে বাগদান সেরেছেন। ইতালির মনোরম দ্বীপ ক্যাপ্রিতে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই জুটি।
আয়ুষ্মান ইউটিউব চ্যানেলেও তাঁদের স্বপ্নময় বাগদানের মুহূর্ত নিয়ে একটি ভ্লগ প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে বাগদানের ছবি শেয়ার করে ভালোবাসায় ভরা একটি বার্তাও দিয়েছেন দুজন। তাঁদের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত ও নেটিজেনরা।
প্রেমিকাকে চমকে দিতে ইতালির ক্যাপ্রিকে বেছে নিয়েছিলেন আয়ুষ্মান। ছুটি কাটানোর উদ্দেশ্যে সেখানে গেলেও আগে থেকেই বিশেষ মুহূর্তটির পরিকল্পনা করে রেখেছিলেন তিনি। ভ্লগে আয়ুষ্মান জানান, ভ্রমণে যাওয়ার আগেই বাগদানের সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। এমনকি আংটিটিও নিজের ব্যাগে লুকিয়ে রেখেছিলেন, যাতে সমীক্ষা কিছু বুঝতে না পারেন।
ক্যাপ্রির সর্বোচ্চ চূড়া মন্টে সোলারোতে হাইকিংয়ে যাওয়ার সময় সমীক্ষার জন্য বুনো ফুল সংগ্রহ করেন আয়ুষ্মান। চূড়ায় পৌঁছে ভিডিও রিল তৈরির অজুহাতে একটি ট্রাইপড স্থাপন করেন। এরপর হঠাৎ এক হাঁটু গেড়ে বসে সমীক্ষাকে বিয়ের প্রস্তাব দেন। পুরো আয়োজনটি ছিল সমীক্ষার কাছে অপ্রত্যাশিত এক চমক।
ইনস্টাগ্রামে ছবিগুলোর সঙ্গে দেওয়া বার্তায় আয়ুষ্মান ও সমীক্ষা লেখেন, ‘পৃথিবীতে কত জায়গা ছিল, কত ভিন্ন জীবন আমরা কাটাতে পারতাম, কিন্তু ভাগ্যই আমাদের একত্রিত করেছে। আর প্রতিটি জীবনে আমরা একে অপরকেই বেছে নেব। আমরা একসঙ্গে থাকলে প্রতিটি জীবনই সুন্দর হয়ে ওঠে। এখন প্রার্থনা করি, যেন প্রতিটি জীবন এভাবেই একসঙ্গে কাটে।’
নিজের ভ্লগে সমীক্ষার প্রতি ভালোবাসার কথাও প্রকাশ করেছেন আয়ুষ্মান। তাঁর ভাষায়, সমীক্ষা তাঁর জীবনকে সহজ করে তোলেন এবং জীবনে যোগ করেন নানা রোমাঞ্চ।
উল্লেখ্য, আয়ুষ্মান ও সমীক্ষা প্রায় দেড় বছর ধরে সম্পর্কে রয়েছেন। পেশায় যোগ প্রশিক্ষক সমীক্ষার সঙ্গে আয়ুষ্মানের পরিচয় করিয়ে দেন অভিনেত্রী যোগিতা বিহানি। সম্প্রতি এক পারিবারিক ভ্লগে অর্চনা পুরান সিংও তাঁদের সম্পর্কের প্রশংসা করেন। একই সঙ্গে ছেলেকে এই সুন্দর সম্পর্ক যত্ন করে আগলে রাখার পরামর্শ দেন তিনি।



