tanaka
প্রচ্ছদরাজধানীকেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন মো. ইসমাইল (২৮) নামে এক হাজতি। শনিবার (৩১ অক্টোবর) সকালে অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইসমাইল। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৪৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইসমাইল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের নাস্তার আলীর ছেলে। কারাগারে তার হাজতি নম্বর ছিল ১৫৭/২৬। তবে কোন মামলায় তিনি কারাবন্দি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ইসমাইলকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী রফিকুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ইসমাইলের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। এরপর ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।