নোয়াখালীর হাতিয়া উপজেলায় গ্রেপ্তারের পর পুলিশের হেফাজত থেকে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য নিজাম উদ্দিনকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই ওয়ার্ডের চর আমানউল্লাহ গ্রামের মৃত সাঈদুল হকের ছেলে। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নিজাম উদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, একটি হত্যা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নিজাম উদ্দিনকে শুক্রবার সন্ধ্যার পর রামচরণ বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশের একটি দল। তবে তাকে গ্রেপ্তারের পরপরই একদল দুর্বৃত্ত ও তার স্বজনরা পুলিশ সদস্যদের চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় তারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে পুলিশের কাছ থেকে নিজাম উদ্দিনকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর তার স্বজনরা পুলিশকে ঘিরে ধরলে সেই সুযোগ কাজে লাগিয়ে সে পালিয়ে যায়। তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
ওসি আরও জানান, আসামিকে ছিনিয়ে নেওয়ার সময় যারা পুলিশের সরকারি দায়িত্ব পালনে বাধা দিয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



