পাবনার সদর উপজেলায় বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতির বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে কয়েকজন সোনাপাতির বিলে মাছ ধরতে যান। বিকেলে বৃষ্টি শুরু হলে আটজন বিলের মধ্যে থাকা একটি টং ঘরে আশ্রয় নেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন অন্য দুজন।
বজ্রপাতের পর হতাহত ব্যক্তিরা বেশ কিছুক্ষণ টং ঘরের মধ্যেই পড়ে ছিলেন। পরে সন্ধ্যার দিকে আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। আহত দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলটি দুর্গম এলাকায় অবস্থিত। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধারের কাজ চলছে।



